নিজস্ব প্রতিবেদক : আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও এডিবির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন। একইসঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের চারটি ঋণচুক্তির জন্য এডিবিকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও এ ধরনের সহায়তা দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়তা করবে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন ও নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প দেশের অবকাঠামো ও নাগরিক সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মত দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক সংযোগ, কর্মসংস্থান এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা জানান, উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ঢাকা হয়ে দক্ষিণ-পূর্বাঞ্চল পর্যন্ত সমন্বিত গ্রোথ নেটওয়ার্ক উন্নয়নে প্রতি বছর ১ বিলিয়ন ডলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সমপরিমাণ সহ-অর্থায়নের পরিকল্পনাও রয়েছে। আগামী ২০ বছরে এই কার্যক্রমে মোট প্রায় ৭৯ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এছাড়া পুঁজিবাজার সংস্কারে ২ মিলিয়ন ডলারের কারিগরি সহায়তা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সর্বোচ্চ ২ বিলিয়ন ডলার অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে এডিবি।
সাক্ষাতে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল অবকাঠামো, আঞ্চলিক যোগাযোগ, মানবসম্পদ উন্নয়ন ও বেসরকারি খাতের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এডিবি বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।