অনলাইন ডেস্ক : পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মিনায় হাজীদের অবস্থানের মধ্য দিয়ে। সোমবার (২৫ মে) সকাল থেকেই ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে মিনার তাঁবুর শহর। বিভিন্ন তাঁবু ঘুরে বাংলাদেশি হজযাত্রীদের খোঁজখবর নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
রোববার রাত থেকেই হাজীরা মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। ধর্মীয় বিধান অনুযায়ী, সোমবার মিনায় অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। এরপর মঙ্গলবার আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন হাজীরা। সেখানে খুতবার পর একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করা হবে।
চলতি বছরের হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান শেষে হাজীরা মুজদালিফায় যাবেন এবং সেখানে খোলা আকাশের নিচে রাত কাটাবেন।
পরদিন মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি এবং মাথা মুণ্ডনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। জিলহজের ১১ ও ১২ তারিখ হজের আনুষ্ঠানিকতা শেষ করে মিনার কার্যক্রম শেষ হবে।
বাংলাদেশি হাজীদের জন্য ধর্মমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে মিনায় পাঁচ হাজার প্যাকেট উন্নতমানের খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে অনুমতিপত্র ছাড়া কেউ যেন হজ পালন করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সৌদি প্রশাসন। মিনায় প্রবেশপথে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে এবং প্রত্যেক হাজীর জন্য ‘নুসুক’ কার্ড বহন বাধ্যতামূলক করা হয়েছে।
তীব্র গরমের কারণে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাঁবুর বাইরে কম বের হওয়ার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি ছাতা ব্যবহার ও পর্যাপ্ত পানি পান করার আহ্বান জানানো হয়েছে।