নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (২৫ মে) প্রস্তুতি পরিদর্শনের পর ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিকল্প জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি জানান, জাতীয় ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ, ওযুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থা।
এদিকে ঈদে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। প্রথম দিনের সব বর্জ্য রাত সাড়ে ৯টার মধ্যেই সরিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
কোরবানির হাট ও বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি করা হবে। প্রতিটি পশুর হাটে থাকবে পৃথক তদারকি দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেডিকেল টিম।
পরিচ্ছন্ন নগরী গড়তে নির্ধারিত স্থানেই কোরবানি দেওয়া এবং পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখার আহ্বান জানিয়েছে ডিএসসিসি। পাশাপাশি কোরবানি শেষে স্থান পরিষ্কার করে জীবাণুনাশক ব্যবহার এবং ড্রেন-নর্দমায় বর্জ্য না ফেলার অনুরোধও জানানো হয়েছে।