সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে নিয়ে শঙ্কা, তবু মায়ামির দাপুটে জয়

news-image

স্পোর্টস ডেস্ক :  বিশ্বকাপের আগে লিওনেল মেসির চোট-শঙ্কায় উদ্বিগ্ন আর্জেন্টিনা সমর্থকরা। ইন্টার মায়ামির জয়ময় ম্যাচে উরুতে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন অধিনায়ককে।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৬-৪ গোলে জয় পায় ইন্টার মায়ামি। তবে ম্যাচের ৭৩তম মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। একটি ফ্রি-কিক নেওয়ার পর তাকে বাম উরুতে হাত দিতে দেখা যায়। পরে নিজেই পরিবর্তনের ইঙ্গিত দেন।

যদিও মাঠ ছাড়ার সময় তাকে স্বাভাবিকভাবেই হাঁটতে দেখা গেছে। ম্যাচ শেষে মায়ামি কোচ গিয়ের্মো হোয়োস জানান, এটি বড় কোনো চোট নয়, মূলত ক্লান্তিজনিত সমস্যা। সতর্কতার জন্যই মেসিকে তুলে নেওয়া হয়েছে।

ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়ে মায়ামি। পরে মেসির বাড়ানো বল থেকে গোল করে দলকে ম্যাচে ফেরান জার্মান বেরতেরামে। এরপর লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়ায় দলটি।

প্রথমার্ধেই দুই দল মিলে করে ৮ গোল, যা যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের প্রথমার্ধ হিসেবে নতুন রেকর্ড গড়ে।

দ্বিতীয়ার্ধে সুয়ারেজ হ্যাটট্রিক পূর্ণ করেন, সঙ্গে রদ্রিগো দে পলের গোল মিলিয়ে শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।

এই জয়ে পূর্বাঞ্চলীয় তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। অন্যদিকে বিশ্বকাপের আগে মেসির শারীরিক অবস্থা এখন আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।