রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল বৈষম্য কমিয়ে এগোতে হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক জ্বালানি সংকট আজ আর কেবল বিদ্যুৎ বা জ্বালানি খাতের সীমাবদ্ধ সমস্যা নয়; এটি ধীরে ধীরে সমাজের প্রতিটি স্তরকে প্রভাবিত করছে। শিক্ষা খাতও তার বাইরে নয়। বিদ্যুৎ সাশ্রয়, পরিবহন ব্যয় এবং দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার বাস্তবতায় সরকার যখন শিক্ষা কার্যক্রম সচল রাখতে বিকল্প পথ খুঁজছে, তখন সামনে এসেছে ‘হাইব্রিড’ বা ‘ব্লেন্ডেড’ শিক্ষা মডেল- যেখানে অনলাইন ও সশরীর পাঠদানের সমন্বয় ঘটবে। এই উদ্যোগ বাস্তবসম্মত মনে হলেও কোভিড-১৯ সময়ের অভিজ্ঞতা আমাদের সামনে কঠিন কিছু প্রশ্ন তুলে ধরে , এই মডেল কি শিক্ষার ধারাবাহিকতা রক্ষা করবে, নাকি শিখন ঘাটতি ও বৈষম্য আরও বাড়াবে?

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের ক্লাসের মধ্যে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীরে পাঠদানের কথা ভাবা হচ্ছে। জোড়-বিজোড় দিনের ভিত্তিতে সূচি নির্ধারণ, শিক্ষকরা প্রতিষ্ঠান থেকে অনলাইন ক্লাস নেওয়া এবং ব্যবহারিক ক্লাস সশরীরে চালু রাখা- সব মিলিয়ে একটি সমন্বিত কাঠামো গড়ার চেষ্টা চলছে। জ্বালানি সংকট কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত হওয়ায় দীর্ঘ মেয়াদে শিক্ষাব্যবস্থা সচল রাখার বিকল্প হিসেবে এই পরিকল্পনা অযৌক্তিক নয়। কিন্তু বাস্তবতা হলো, পরিকল্পনা যতই ভালো হোক, বাস্তবায়নের চ্যালেঞ্জই শেষ পর্যন্ত সফলতা নির্ধারণ করবে। কোভিড-১৯ সময়ের অভিজ্ঞতা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন ও টেলিভিশনভিত্তিক শিক্ষার ওপর নির্ভর করতে হয়েছিল। কিন্তু গবেষণা ও অভিজ্ঞতা বলছে, এই পদ্ধতি শিক্ষার পূর্ণ বিকল্প হয়ে উঠতে পারেনি। অনলাইন ক্লাস সহায়ক হলেও শ্রেণিকক্ষের শেখার পরিবেশ, সহপাঠীদের সঙ্গে মিথস্ক্রিয়া এবং শিক্ষকের সরাসরি তত্ত্বাবধানের বিকল্প নেই। ফলে অনেক শিক্ষার্থী শেখার ধারাবাহিকতা হারিয়েছে, যা আজও পুরোপুরি পূরণ হয়নি।

সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে ডিজিটাল বৈষম্য। শহরের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে অনলাইনে যুক্ত থাকতে পারলেও গ্রাম ও প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা নেটওয়ার্ক ও ডিভাইস সংকটে পিছিয়ে পড়ে। স্মার্টফোন বা স্থিতিশীল ইন্টারনেট সংযোগের অভাবে অসংখ্য শিক্ষার্থী কার্যত শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। হাইব্রিড মডেল চালু হলে এই বৈষম্য আরও প্রকট হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কারণ প্রযুক্তিনির্ভর শিক্ষা তখনই কার্যকর হবে, যখন প্রযুক্তি সবার নাগালে থাকবে। অভিভাবক ও শিক্ষকদের উদ্বেগও কম নয়। অনেক অভিভাবক মনে করেন, অনলাইন ক্লাস নিরাপত্তা দিলেও শেখার মান কমে যায়। অন্যদিকে শিক্ষকদের জন্য একই বিষয় অনলাইন ও অফলাইনে আলাদা করে পড়ানো সময়সাপেক্ষ এবং মান ধরে রাখা কঠিন। এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও মানসিক সুস্থতার প্রশ্ন। দীর্ঘ সময় স্ক্রিনে থাকা শিশুদের চোখের সমস্যা, মনোযোগের ঘাটতি, ঘুমের ব্যাঘাত এবং মানসিক চাপ বাড়াতে পারে। ফলে শিক্ষা শুধু পাঠ্যসূচি শেষ করার বিষয় নয়; এটি শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের সঙ্গে গভীরভাবে যুক্ত- এই সত্য ভুলে গেলে চলবে না। আরেকটি বাস্তবতা হলো, মূল শিক্ষাব্যবস্থায় দুর্বলতা দেখা দিলে বিকল্প শিক্ষাব্যবস্থা শক্তিশালী হয়ে ওঠে। কোভিড সময়ে কোচিং ও অনানুষ্ঠানিক শিক্ষার বিস্তার তারই প্রমাণ। যদি হাইব্রিড মডেল কার্যকরভাবে বাস্তবায়ন করা না যায়, তবে আবারও একই প্রবণতা দেখা দিতে পারে, যা দীর্ঘ মেয়াদে শিক্ষাব্যবস্থার ভারসাম্য নষ্ট করবে। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন ক্লাসের সময় আর্থিক চাপে পড়েছিল, কারণ অভিভাবকদের একাংশ অনলাইন শিক্ষাকে পূর্ণাঙ্গ শিক্ষা হিসেবে স্বীকার করেননি। হাইব্রিড মডেল চালু হলে এই আস্থার সংকট কাটিয়ে উঠতে না পারলে প্রতিষ্ঠানগুলো আবারও বিপাকে পড়তে পারে।

তবে সব চ্যালেঞ্জ সত্ত্বেও হাইব্রিড শিক্ষা সম্পূর্ণ অযৌক্তিক নয়। বরং সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি থাকলে এটি ভবিষ্যতের শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। এ জন্য কয়েকটি বিষয় জরুরি- গ্রামাঞ্চলে নির্ভরযোগ্য ইন্টারনেট ও ডিভাইস সহায়তা, শিক্ষক প্রশিক্ষণ, মানসম্মত ডিজিটাল কনটেন্ট তৈরি, ব্যবহারিক ক্লাস সশরীরে নিশ্চিত করা, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। অর্থাৎ, প্রযুক্তি যেন শিক্ষার সহায়ক হয়, বাধা নয়- এই ভারসাম্য নিশ্চিত করতে হবে। হাইব্রিড শিক্ষা সময়োপযোগী উদ্যোগ হলেও এটি কোনো জাদুকাঠি নয়। পরিকল্পনা ও বাস্তবায়নে ঘাটতি থাকলে এটি নতুন বৈষম্য ও শিখন সংকট তৈরি করতে পারে। তাই তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার বদলে বাস্তবতা যাচাই, পাইলট প্রকল্প এবং সমতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়াই হবে সবচেয়ে বিচক্ষণ পদক্ষেপ। সংকটের মুখে শিক্ষা থেমে থাকতে পারে না- কিন্তু শিক্ষার মান ও সমতা বিসর্জন দিয়ে এগোনোর পথও গ্রহণযোগ্য নয়।

 

এ জাতীয় আরও খবর