শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্তানের ঘটনায় ২ ট্রাফিক পুলিশ বরখাস্ত

news-image
অনলাইন ডেস্ক : রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনরত অবস্থায় সড়কের মাঝেই ধস্তাধস্তিতে জড়ানো দুই ট্রাফিক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বরখাস্ত হওয়া সদস্যরা হলেন দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।

শনিবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের উপকমিশনার মো. মইনুল হক।

তিনি জানান, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন ওই দুই কনস্টেবল। সিগন্যাল চলাকালে একটি গাড়ি এক পাশ দিয়ে বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়। একপর্যায়ে তারা সড়কের ওপর পড়ে যান।

ডিসি মইনুল হক বলেন, সরকারি ইউনিফর্ম পরে এবং দায়িত্ব পালনরত অবস্থায় এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সহকর্মীদের মধ্যে মতবিরোধ হতে পারে, তবে প্রকাশ্যে হাতাহাতির ঘটনা শৃঙ্খলার পরিপন্থী।

তিনি আরও বলেন, প্রচণ্ড গরমের মধ্যেও ট্রাফিক সদস্যদের দীর্ঘ সময় সড়কে কাজ করতে হয়। এমন পরিস্থিতিতে পেশাদার আচরণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘটনার পর দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।