ঈদে ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা সচল রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটিতে গ্রাহকের সুবিধার জন্য এটিএম বুথে পর্যাপ্ত নগদ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), অনলাইন-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সার্বক্ষণিক সচল রাখতে বলা হয়েছে।
এ নির্দেশনা সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদুল আজহায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এটিএম, পিওএস, কিউআর কোড, অনলাইন পেমেন্ট গেটওয়ে, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।
এছাড়া ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, এটিএম বুথে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে, কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধান করতে এবং পর্যাপ্ত নগদ সরবরাহ নিশ্চিত করতে। বুথে নিরাপত্তাকর্মীদের সচল রাখতে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বুথ পরিদর্শন করতে হবে। পিওএস ক্ষেত্রে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে এবং জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন করতে হবে।
ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন-পেমেন্ট গেটওয়েতে ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনে টু ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে। এমএফএস সেবায় নিরবচ্ছিন্ন লেনদেন ও এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ সরবরাহ নিশ্চিত করতে হবে।
ঈদ ছুটির সময় গ্রাহক হয়রানি রোধ করতে হবে এবং সার্বক্ষণিক হেল্পলাইন সহায়তা দিতে হবে। যেকোনো লেনদেনের তথ্য তাৎক্ষণিক এসএমএস এলার্টের মাধ্যমে গ্রাহককে জানানো বাধ্যতামূলক।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের তফসিলি ব্যাংক টানা সাত দিন বন্ধ থাকবে











