বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পশুর হাটে নজরদারির জাল

news-image

শাহজাহান আকন্দ শুভ
রাজধানীর কোরবানির পশুর হাটগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। চাঁদাবাজি, ছিনতাই, অজ্ঞান পার্টি, জাল টাকার লেনদেন এবং এক হাটের পশুবাহী ট্রাক জোরপূর্বক অন্য হাটে প্রবেশ করানোর মতো অপরাধ রোধে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা। কেউ এক হাটের গরু আরেক হাটে জোরপূর্বক নেওয়ার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সীমানার বাইরে হাট বসালেও ব্যবস্থা নেবে পুলিশ।

গত মঙ্গলবার ডিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদের সভাপতিত্বে কোরবানির পশুর হাটে নিরাপত্তা ও শৃঙ্খলা, কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভা অনুুষ্ঠিত হয়। সভায় পশুর হাটের নিরাপত্তা, ইজারাদার, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কার কী দায়িত্ব হবে তার বিস্তারিত আলোচনা হয়। এরপরই সংশ্লিষ্ট সব পক্ষকে একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়।

প্রতিবছর কোরবানির আগে বিভিন্ন হাটের ইজারাদারদের মধ্যে পশু নিয়ে বিরোধের অভিযোগ ওঠে। পথে পশুবাহী ট্রাক থামিয়ে জোর করে অন্য হাটে পশু নামানোর ঘটনাও ঘটে। এবার এ ধরনের ঘটনা ঠেকাতে পশুবাহী প্রতিটি ট্রাকে নির্ধারিত হাটের নাম উল্লেখ করে ব্যানার লাগানো বাধ্যতামূলক করেছে ডিএমপি। কোনো অবস্থাতেই এক হাটের পশু অন্য হাটে জোরপূর্বক নামাতে দেবে না বা ট্রাকের ব্যানার ছিঁড়ে অন্য হাটের ব্যানার লাগানোর ঘটনাও কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া নির্ধারিত চৌহদ্দির বাইরে হাট বসতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, হাটের বাইরে বা রাস্তায় গরুর গাড়ি বা পশুবাহী কোনো যানবাহন নিয়ে টানাটানি বা জোরজবরদস্তি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজটমুক্ত রাস্তা নিশ্চিত করতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখতে দেওয়া হবে না।

জানা গেছে, ডিএমপি, র?্যাব, গোয়েন্দা সংস্থা, সিটি করপোরেশন, নৌ-পুলিশ, বাংলাদেশ ব্যাংক ও জেলা প্রশাসনের সমন্বয়ে নেওয়া এ পরিকল্পনায় প্রতিটি হাটে অস্থায়ী কন্ট্রোলরুম, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা, মোবাইল টহল ও মানি এস্কর্ট সেবা চালুর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি হাটকেন্দ্রিক জনসচেতনতা বাড়াতে মাইকিং, ব্যানার, লিফলেট বিতরণ ও গণমাধ্যমে প্রচারণার ব্যবস্থাও রাখা হয়েছে।

ডিএমপির সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে অন্তত ২২টি পশুর হাট বসবে। এর মধ্যে গাবতলী ও সারুলিয়া বাজার স্থায়ী হাট হিসেবে থাকছে। এ ছাড়া আমিনবাজার, কালশী, দিয়াবাড়ী, বাড্ডা, ডেমরা, যাত্রাবাড়ী, শাহজাহানপুর, গোলাপবাগ, পোস্তাগোলাসহ বিভিন্ন এলাকায় অস্থায়ী হাট বসবে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি হাটে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুম স্থাপন করা হবে। গুরুত্বপূর্ণ হাটগুলোতে ওয়াচ টাওয়ার নির্মাণ করে বাইনোকুলার ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হবে।

ডিএমপির কর্মকর্তারা বলছেন, পশুর হাটে নগদ টাকার লেনদেন বেশি হওয়ায় প্রতি বছরই ছিনতাই, চুরি ও চাঁদাবাজির ঘটনা ঘটে। এসব অপরাধ ঠেকাতে এবার মোবাইল প্যাট্রল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। বিশেষ করে হাট ও আশপাশের এলাকায় হকারবেশে সক্রিয় অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের শনাক্তে ডিবি ও র?্যাবকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

হাটে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করতে বিভিন্ন স্থানে সতর্কতামূলক ব্যানার টানানো হবে। মাইকিং করে জানানো হবে অচেনা ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করতে।

কোরবানির হাটে জাল টাকার বিস্তার রোধেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি হাটে জাল নোট শনাক্তকারী মেশিন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এসব মেশিন সরবরাহ করা হবে। পুলিশ কন্ট্রোলরুমেও জাল নোট শনাক্তকারী মেশিন থাকবে। পাশাপাশি ‘জাল নোট শনাক্ত করা হয়’ লেখা বড় ব্যানার দৃশ্যমান স্থানে টাঙানোর সিদ্ধান্ত হয়েছে। সন্ধ্যার পর লেনদেন সহজ করতে বিভিন্ন হাটে অস্থায়ী ব্যাংক বুথ ও সান্ধ্যকালীন ব্যাংকিং সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে।

পশু বিক্রি শেষে বিপুল অঙ্কের নগদ অর্থ নিয়ে ফেরার পথে ব্যবসায়ীরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হন। এ কারণে এবার প্রতিটি থানায় মানি এস্কর্ট টিম স্ট্যান্ডবাই রাখা হবে। কোনো ব্যবসায়ী চাইলে পুলিশের সহায়তায় নিরাপত্তার সঙ্গে নগদ অর্থ পরিবহন করতে পারবেন। এ জন্য কন্ট্রোলরুম ও সংশ্লিষ্ট থানায় যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।

পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীতে তীব্র যানজট তৈরি হয়। বিশেষ করে গাবতলী, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও কাঁচপুর এলাকায় ভোগান্তি বাড়ে। এ পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকার প্রধান প্রবেশ ও বহির্গমন পথগুলো যানজটমুক্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

ঈদের দিন কোরবানির পশুর চামড়া দ্রুত ট্যানারিতে পৌঁছানোর জন্য বিসিক চামড়া শিল্পনগরীগামী সড়কে একমুখী যান চলাচলের পরিকল্পনাও রাখা হয়েছে। কোরবানির পর চামড়া কেনাবেচা ঘিরেও সক্রিয় হয়ে ওঠে চাঁদাবাজ চক্র। এ কারণে চামড়া ক্রয়-বিক্রয়ে অবৈধ প্রভাব বিস্তার ঠেকাতে অপরাধ বিভাগ ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। কাঁচা চামড়া পাচার ঠেকাতে ঢাকার বহির্গমন পথে চেকপোস্ট বসানো হবে। নদীপথে নৌ-পুলিশের টহলও বাড়ানো হবে।

সিটি করপোরেশনগুলোকে পশুর হাট এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পানি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়েছে। নষ্ট স্ট্রিটলাইট মেরামত ও নতুন লাইট বসানোর উদ্যোগ নিতেও বলা হয়েছে। প্রতিটি হাটে ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখতেও বলা হয়েছে।

প্রতিটি হাটে ভেটেরিনারি চিকিৎসক ও মেডিক্যাল টিম রাখার নির্দেশনা রয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে ফায়ার টেন্ডার ও লাইটিং ইউনিট প্রস্তুত রাখতে বলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পশুর হাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সরকার কর্তৃক নির্ধারিত হাসিলের হার ও শর্তাবলি প্রদর্শন করতে হবে ইজারাদারদের। হাসিলের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় আদায় করলে ব্যবস্থা নেবে প্রশাসন। এ জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে সিটি করপোরেশন ও ঢাকা জেলা প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা