রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এ যুদ্ধবিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা ঢাকার আদালতে এ আবেদন করেন। মামলার আবেদন গ্রহণ করে মহানগর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বাদীর বক্তব্য নথিভুক্ত করেছেন এবং আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন জানান, মামলায় সাবেক সরকারি কর্মকর্তা, বিমানবাহিনীর দায়িত্বশীল সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ১৬ জনকে আসামি করা হয়েছে।
আবেদনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে ত্রুটিপূর্ণ এফ-৭ যুদ্ধবিমানকে জনবহুল এলাকায় প্রশিক্ষণ উড্ডয়নের অনুমতি দেন। এর ফলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটে।
এছাড়া দুর্ঘটনার পর যথাযথ উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সহায়তা ও ক্ষতিপূরণ বাস্তবায়নে অবহেলার অভিযোগও আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মামলার আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুপযুক্ত ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং নিরাপত্তাহীন পরিবেশে স্কুল পরিচালনার কারণেও হতাহতের মাত্রা বেড়ে যায়। আহতদের মধ্যে অনেক শিশু স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছে বলেও দাবি করা হয়েছে।
ঘটনার বিবরণে বলা হয়, ২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে অন্তত ৩৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৮ জনই ছিলেন শিক্ষার্থী। দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও প্রাণ হারান।