বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

news-image

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে আসে। শনিবার রাত ১২টায় কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত ২৩ সদস্যের আংশিক কমিটিতে মো. অলি আহাদকে সভাপতি এবং নাঈমুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। এ ঘোষণার পর পদবঞ্চিত নেতারা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

সোমবার দুপুরে কাঠালতলী এলাকায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন শহরের পৌরসভা চত্ত্বর থেকে বনরুপা বাজার পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করে। এ সময় পৌর যুবদলের নেতা ইউছুপ আহত হন এবং তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নতুন সভাপতি মো. অলি আহাদ বলেন, “সবাই সভাপতি হতে পারবে না, কিন্তু পদবঞ্চিত নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।” রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দীন জানিয়েছেন, ওই এলাকায় যেকোনো ধরনের মিছিল, মিটিং বা জনসভা নিষিদ্ধ করা হয়েছে।