জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান
আমাদের ব্রাহ্মণবাড়িয়া মে ৪, ২০২৬
জনপ্রশাসনের কোনো পদ বা দায়িত্বকে স্থায়ী হিসেবে না দেখে সব কাজকেই সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র ও সরকারের প্রয়োজনে যেকোনো সময় যেকোনো দায়িত্ব পালনের মানসিকতা কর্মকর্তাদের থাকতে হবে।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন–২০২৬ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পদোন্নতি বা পছন্দের পোস্টিংকে কেন্দ্র করে পেশাদার আচরণে আপস করলে তা জনপ্রশাসনের কার্যকারিতা ও নিরপেক্ষতাকে ক্ষতিগ্রস্ত করে। তাই সব পর্যায়ের কর্মকর্তাদের যেকোনো পদে কাজ করার প্রস্তুতি থাকা জরুরি।
সরকারপ্রধান বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাই মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের মূল সংযোগ হিসেবে কাজ করেন। তাদের সততা ও দক্ষতার ওপর সরকারি কর্মকাণ্ডের সফলতা অনেকাংশে নির্ভর করে।
এ সময় তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি, ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রাখা, সরকারি সেবা গ্রহণে হয়রানি কমানো এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর ভূমিকা রাখার নির্দেশ দেন।
চার দিনব্যাপী এ সম্মেলনে দেশের ৮টি বিভাগের কমিশনার এবং ৬৪ জেলার ডিসিরা অংশ নিচ্ছেন।