বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি
আমাদের ব্রাহ্মণবাড়িয়া মে ৪, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে সাময়িকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্তে মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় প্রশাসন। কোচবিহার ও জলপাইগুড়ি জেলার জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় সাধারণ চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা ও কিছু নির্দিষ্ট পণ্য পরিবহনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে চলাচলের অনুমতি দেওয়া হবে।
বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ কারণে ৩ ও ৪ মে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ৫ মে থেকে পুনরায় চালু করা হবে।
স্থানীয় বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি বিভিন্ন সংস্থাকে অবহিত করেছে বলে জানা গেছে।