অনলাইন ডেস্ক : দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়ার গতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের মতে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে যশোর, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।