লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক : জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঢাকার কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি মানুষের কাছে লিগ্যাল এইড সুবিধা পৌঁছে দেওয়া। এই উদ্যোগে জার্মান সরকারের আর্থিক ও কারিগরি সহায়তা রয়েছে এবং তা সারা দেশে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, এই কর্মসূচি শুধু দরিদ্র ও অসহায় মানুষদের জন্য নয়, বরং রাজনৈতিক সহিংসতা ও নির্যাতনের শিকার, পঙ্গুত্ববরণকারী এবং মামলায় জর্জরিত নাগরিকদেরও অন্তর্ভুক্ত করছে। এছাড়া, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবার, শহীদদের স্বজন এবং আহতদের জন্যও আইনি সহায়তা নিশ্চিত করা হবে।
নারী ও শিশুদের সুরক্ষায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যৌন নির্যাতন ও হয়রানির শিকার ব্যক্তিরা যারা আর্থিক বা সামাজিক কারণে আইনি সহায়তা নিতে পারেন না, তাদের জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ সহায়তা দেবে।
আইনমন্ত্রী আরও বলেন, “লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছানোই আমাদের প্রধান লক্ষ্য। এটি প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ।”
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বস্তিবাসীর সমস্যা শুনে তা সমাধানের জন্য দিকনির্দেশনা দেন এবং সঙ্গে সঙ্গে দুইজন নারীকে তাৎক্ষণিক আইনি পরামর্শ প্রদান করেন। মন্ত্রী জার্মান সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।











