সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

news-image

নিজস্ব প্রতিবেদক : ৩৪ দিনে হামের উপসর্গ দেখা গেছে ২৩ হাজার ৬০৬ শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ৩২৬ শিশু। তাদের মধ্যে ৩ হাজার ৪৪৩ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১২ হাজার ৩৯৬। একই সময় হামে ৩৬ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮১ শিশুর।

গতকাল ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন থেকে জানা গেছে। এদিকে আজ সোমবার সারাদেশে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশু এবং হামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮০৪ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৬৫ শিশুর। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪৮ শিশু রয়েছে। একই সময়ের মধ্যে হামে যে শিশুর মৃত্যু হয়েছে, সেটি ঢাকা বিভাগে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৬৪৫ শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের ৩০০ শিশু।

চট্টগ্রাম ব্যুরো: আজ থেকে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি টিকাদান। চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় ৭ লাখ ৬৭ হাজার ৯৫২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিভিল সার্জন কার্যালয়। গতকাল রবিবার সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, টিকাদান কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী লক্ষ্যমাত্রা ১ লাখ ৫১ হাজার ৭৫৫ জন এবং কমিউনিটি পর্যায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ১৬ হাজার ১৯৭ শিশু।

ক্যাম্পেইনটি ২০ মে থেকে শুরু হয়ে ১০ জুন পর্যন্ত চলবে।

এসময় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ১ ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। যদি কোনো শিশু আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা পেয়ে থাকে, তবুও তাকে এই বিশেষ ক্যাম্পেইনে পুনরায় টিকা দিতে হবে। টিকাদান কর্মসূচিতে জেলায় ৯২৯ জন মাঠকর্মী, ৫২৪ জন সিএইচসিপি এবং ৩৭১ জন মেডিক্যাল অফিসার নিয়োজিত থাকবেন। ক্যাম্পেইন সম্পর্কে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ও বিপজ্জনক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এই রোগ এবং এর জটিলতা থেকে শিশুদের বাঁচাতে সঠিক সময়ে টিকা দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া।

ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল আরও ৩৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৮ শিশু। কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে তিন মাস বয়সী শিশুকে হামের লক্ষণ নিয়ে ৯ এপ্রিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সোয়া ১টার দিকে শিশুটির মৃত্যু হয়।

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের শরণখোলায় ১২ হাজার ৬২৭ শিশু পাচ্ছে হামের টিকা। আজ থেকে উপজেলার ৯৬টি অস্থায়ী কেন্দ্র ও একইসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা কার্যক্রম পরিচালিত হবে। উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, হাম শিশুদের শরীরের ভিটামিনকে ভেঙে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাই ৬ মাস থেকে ৫ বছরের প্রত্যেক শিশুকে টিকা দিতে হবে। তাছাড়া হামের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। টিকাদান ক্যাম্পেইনের ওপর তথ্য উপস্থাপনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন। তিনি জানান, উপজেলার প্রতিটি শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। শ্রীপুর উপজেলায় ১৬ হাজার ৫৯৫ জন শিশুকে একটি করে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ