অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন
অনলাইন ডেস্ক : মামলার জট কমাতে নতুন আদালত ও বিচারক নিয়োগের উদ্যোগ.দেশের অধস্তন আদালতগুলোতে বর্তমানে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৪১ হাজার ৯২৪টি।
আইনমন্ত্রী বলেন, দ্রুত, স্বচ্ছ ও সাশ্রয়ী বিচার নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মামলার জট কমবে এবং বিচারপ্রার্থীরা দ্রুত ন্যায়বিচার পাবেন বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে ৮৭১টি নতুন আদালত এবং ২৩২টি বিচারকের পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়া আরও ৩০৪টি বিচারকের পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে এবং ১৫০ জন সিভিল জজ নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
মামলা নিষ্পত্তি দ্রুত করতে বিচার বিভাগীয় জনবলও বাড়ানো হচ্ছে। এ লক্ষ্যে ৭০৮ জন কর্মচারী নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং আরও ৫৫৩ জন নিয়োগের প্রক্রিয়া চলছে।
আইনমন্ত্রী আরও জানান, নারী ও শিশু নির্যাতনসহ গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে আইনি সহায়তা জোরদার করতে লিগ্যাল এইড অফিসে জনবল বাড়ানো এবং ‘১৬৬৯৯’ হটলাইন চালু করা হয়েছে।
তিনি বলেন, আদালতের কার্যক্রম আরও স্বচ্ছ করতে অধস্তন ও উচ্চ আদালতের কজলিস্ট শতভাগ অনলাইনে আনা হয়েছে, ফলে মানুষ এখন ঘরে বসেই মামলার তারিখ জানতে পারছে।











