সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

news-image

অনলাইন ডেস্ক : ব্যবসায়ীদের সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

আজ বুধবার সংসদে নীলফামারী-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আব্দুস সাত্তারের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, কৃষকদের মাঝে যথাসময়ে সার ও বীজ প্রদানে এবং মৌসুমের শুরুতে ব্যবসায়ীদের সিন্ডিকেট থেকে কৃষকদের হয়রানি দূরীকরণে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে।

কৃষিমন্ত্রী বলেন, সার বিতরণ ব্যবস্থা আরও সময়োপযোগী ও কার্যকর করার লক্ষ্যে ইতোমধ্যেই ‘সার ডিলার ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ প্রবর্তন করা হয়েছে, যা গত বছরের ১৩ নভেম্বর থেকে কার্যকর রয়েছে।

আমিন উর রশীদ আরও বলেন, বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে, পৌরসভায় ও সিটি করপোরেশনে নিয়োজিত ডিলারের মাধ্যমে কৃষকদের হয়রানি দূরীকরণে ওয়ার্ডভিত্তিক নিয়োজিত খুচরা বিক্রয় কেন্দ্রের দ্বারা প্রত্যন্ত অঞ্চলে সহজেই সার পৌঁছানো সম্ভব হবে।

কৃষিমন্ত্রী বলেন, বিগত বছরে আবাদকৃত ফসলী জমির ওপর ভিত্তি করে বছরের শুরুতে রাসায়নিক সারের চাহিদা নিরূপণ করে বাৎসরিক বরাদ্দ নির্ধারণ করা হয়। যে মাসে, বিশেষ করে রবি মৌসুমে (অক্টোবর-মার্চ) অধিকাংশ ফসল উৎপাদিত হয়, সে সকল মাসে রাসায়নিক সারের বরাদ্দ বেশি রেখে মাসওয়ারী বাৎসরিক বরাদ্দ নির্ধারণ করা হয়।

প্রতি মাসের ৩০ তারিখের মধ্যে পরের মাসের বরাদ্দ দেওয়ার কথা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বরাদ্দকৃত রাসায়নিক সার ডিলারগণের উত্তোলন থেকে বিতরণ পর্যন্ত সর্বস্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক নিবিড় মনিটরিং করা হয়। তিনটি কৃষি মৌসুম শুরুর অন্তত দুই মাস পূর্বে বিভিন্ন ফসলের বীজের চাহিদা নিরূপণপূর্বক কৃষি মন্ত্রণালয়কে অবহিত করা হয়।