পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু
অনলাইন ডেস্ক : পাকিস্তানের মধ্যস্থতায় ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র-ইরান ত্রিপক্ষীয় যুদ্ধবিরতি শান্তি আলোচনা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঐতিহাসিক এ বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান সরকারের সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল চারটায় এই আলোচনা শুরু হয়। তবে বৈঠকটি কী ধরনের কাঠামোতে অনুষ্ঠিত হচ্ছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সরকারি সূত্রগুলো জানা গেছে, পাকিস্তান কর্তৃপক্ষ ইরানি ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের চেষ্টা করছে।
সূত্রগুলো বলছে, প্রাথমিক পর্যায়ে পাকিস্তানি কর্মকর্তাদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান–প্রদান হবে। ইতিবাচক অগ্রগতি হলে পরবর্তীতে সরাসরি আলোচনাও হতে পারে।আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়। আর মার্কিন প্রতিনিধিদল শনিবার সকালে সেখানে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ এপ্রিল সকালে তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন—পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত করছেন।
যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পরিষ্কার করার কাজ শুরু করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এখন একমাত্র ঝুঁকি হলো—কোনো জাহাজ ইরানের পাতা সমুদ্র মাইনে আঘাত পেতে পারে।
তিনি আরো বলেন, ‘আমরা এখন হরমুজ প্রণালি পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করেছি—বিশ্বের বিভিন্ন দেশের সুবিধার জন্য, যেমন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি এবং আরও অনেকের জন্য। এসব দেশ নিজেরা এই কাজ করার ‘সাহস বা ইচ্ছা’ দেখায়নি বলে তিনি দাবি করেন। হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হওয়ায় এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে।’
গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর তাদের মধ্যে আলোচনার চেষ্টা শুরু করে পাকিস্তান। যার ফল হিসেবে আজ বহুল প্রতীক্ষিত বৈঠকটি শুরু হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন তাদের মধ্যে যুদ্ধ হয়। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামলেও; এ যুদ্ধবিরতি প্রথম থেকেই বেশ ভঙ্গুর। ডোনাল্ড ট্রাম্প গতকাল হুমকি দিয়েছেন, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরানে আবারও হামলা শুরু হবে। এরজন্য জাহাজকে অস্ত্রেসজ্জিত করা হচ্ছে বলেও জানান তিনি।











