রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৪১ লাখ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : ২০২৫–২০২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ইতোমধ্যে ৪১ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি করবর্ষ থেকে কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে করদাতাদের মধ্যে ই-রিটার্ন ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ পর্যন্ত ৫০ লাখের বেশি ব্যক্তিশ্রেণির করদাতা এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ইতোমধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।

এ বছর ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ব্যক্তি করদাতা উল্লিখিত সময়ের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারেন।

রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন সিস্টেম চালু করেছে।

করদাতারা এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘Time Extension’ মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদন করতে পারছেন।

গত কয়েক দিনে পাঁচ হাজারের অধিক করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন করেছেন এবং বেশির ভাগ করদাতাকে স্বল্প সময়ের মধ্যে অনলাইনেই সময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে।

অনলাইনে দাখিলকৃত আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন করছেন।

সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে করদাতা কোনো জরিমানা বা অতিরিক্ত কর প্রদান ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন।

যেসব করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি, তারা বর্ধিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে চাইলে তাদের অবশ্যই ৩১ মার্চ তারিখের আগে আবেদন করতে হবে।

ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন না থাকলে সময়ের আবেদন দাখিলের আগে অবশ্যই নিজ নামের বায়োমেট্রিক সিম ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।

যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

জরিমানা বা অতিরিক্ত কর প্রদান এড়াতে সব ব্যক্তি করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ করছে জাতীয় রাজস্ব বোর্ড।

 

এ জাতীয় আরও খবর