প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি রাজধানীর নয়াপল্টন অবস্থিত বিএনপির কার্যালয়ে আসেন।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের এ কথা জানান তারেক রহমান।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়। ছবি: ভিডিও থেকে নেওয়া
সভা শেষে প্রধানমন্ত্রী যখন মঞ্চ ছেড়ে নামছিলেন, তখন উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো মিলনায়তন মুখর করে তোলেন। নেতাকর্মীদের এমন উচ্ছ্বাসের মুহূর্তে হাস্যোজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে বলেন, ‘আগামীকাল (শনিবার) নয়াপল্টন অফিসে যাব। সেখানে তোমাদের দেখতে চাই।’
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আজ সকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে সামনে থেকে দেখার জন্য সকাল থেকে কার্যালয়ের সামনে ভিড় করতে শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা।










