রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান ডা. শফিকুরের

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ দ্রুত বন্ধ এবং শান্তিপূর্ণ পন্থায় সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ওই পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ইরানে সম্প্রতি আক্রমণ ও পাল্টা আক্রমণের কারণে এ অঞ্চলে যে ভয়াবহ অবস্থার উদ্ভব ঘটেছে, তা ইতোমধ্যেই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের এই ভয়াবহতা শুধু সংশ্লিষ্ট অঞ্চলকেই নয়, গোটা বিশ্বকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। কার্যত এ যুদ্ধাবস্থার কারণে সারা বিশে^র অর্থনীতি ও জ্বালানিপ্রবাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, জ্বালানি সংকটকে কেন্দ্র করে ইতোমধ্যেই জনজীবনে দারুণ সমস্যা তৈরি হয়েছে। কয়েক দিন ঈদ ও রোজা উপলক্ষে দীর্ঘ ছুটির পর আগামী ২৯ মার্চ থেকে অফিস-আদালত, কলকারখানাসহ যাবতীয় বিষয় পূর্ণরূপে কার্যকারিতায় আসবে। সে ক্ষেত্রে সংকট আরও মারাত্মকভাবে দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি সংগ্রহের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এক বিরক্তিকর ভোগান্তির মুখে পড়েছে জনগণ। তিনি আরও বলেন, জ্বালানি সংকট শুধু যানবাহন চলাচল ও বিদ্যুৎ সরবরাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি কলকারখানা, কৃষি ও উৎপাদনমূলক সব কাজে প্রভাব ফেলবে। এমনকি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে ইন্টারনেটের গতিপ্রকৃতিও ঝুঁকিতে পড়বে।

এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ও সব রাজনৈতিক সংকট জাতীয় সংসদের মাধ্যমেই সমাধানের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন। সরকারকে সতর্ক করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা জাতিকে নতুন করে অনিশ্চয়তা ও হতাশার দিকে ঠেলে দেবে। কোনোভাবেই দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন না; বরং জাতীয় সংসদের মাধ্যমেই সব রাজনৈতিক সংকটের সমাধান করেন। গতকাল শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাইফুল আলম এ আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর