শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতির আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই সমর্থন ও সংহতি জানান।

আজ শুক্রবার (২৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসাও করেন।

আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয়ও উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম প্রভাবের কারণে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে উভয় পক্ষ বৈঠকটি সমাপ্ত করে।

এ জাতীয় আরও খবর