বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রক্ষণের দুর্বলতায় ভিয়েতনামের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : র‍্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষ। সচরাচর এত শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সুযোগ পায় না বাংলাদেশ। আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে এই ম্যাচটি ছিল হাভিয়ের কাবরেরার দলের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সেরা সুযোগ, একই সঙ্গে বড় এক পরীক্ষাও। তবে হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে সেই কঠিন পরীক্ষায় ফেল করল হামজা চৌধুরী-তারেক কাজীরা। স্বাগতিক ভিয়েতনামের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

ম্যাচের তিনটি গোলই প্রথমার্ধে হজম করেছে বাংলাদেশ। হামজা চৌধুরীসহ একাদশে পাঁচ প্রবাসী ফুটবলারকে নিয়ে চমক দেখালেও মাঠে তার কোনো ইতিবাচক প্রভাব পড়েনি।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণে প্রবল চাপ তৈরি করে স্বাগতিকরা। তাদের গতিশীল আক্রমণ ও সেট পিসের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েন বাংলাদেশের ডিফেন্ডাররা। ম্যাচের অষ্টম মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভিয়েতনামের ডিফেন্ডার শুয়ং তিয়েন আইনের কর্নার থেকে শট নেওয়ার চেষ্টা করেন পাম তুন হাই। কিন্তু তিনি বলের নাগাল পাওয়ার আগেই বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়ান প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়েতনামের প্যাম চুন মান। কর্নার থেকে উড়ে আসা শুয়ং তিয়েনের বাঁকানো শট হেডে জালে জড়ান এই লেফটব্যাক। ৩১ মিনিটে নগুয়াইন হাই লংয়ের শট দারুণ প্রচেষ্টায় থামিয়ে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তবে ৩৮ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। একেবারে কোণাকুণি নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন হাই লং। তাকে আটকানোর চেষ্টায় ব্যর্থ হন তারিক কাজী ও ফাহামিদুল ইসলাম।

বিরতির পর আর কোনো গোল হজম না করার লক্ষ্যে ৪-৩-৩ ফরমেশন থেকে সরে এসে ৫-৩-২ ফরমেশনে খেলা শুরু করে বাংলাদেশ। পুরো দল নেমে যায় রক্ষণ সামলাতে। ৫২ মিনিটে রাফায়েলসন এবং ৬৯ মিনিটে খুয়াত ভ্যান খাংয়ের দুটি দারুণ সুযোগ নস্যাৎ করে দেন গোলরক্ষক শ্রাবণ। এর মধ্যে ৬৯ মিনিটে হামজা চৌধুরীর একটি ভুল পাস থেকে বল পেয়ে আক্রমণ শানিয়েছিল ভিয়েতনাম, খাংয়ের নেওয়া সেই শট ক্রসবারে লেগে ফিরে আসে।

৫৫ মিনিটে স্বাগতিকদের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে ফাউল করে হলুদ কার্ড দেখেন সাদ উদ্দিন। অন্যদিকে, দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা শাহরিয়ার ইমন ৬০ মিনিটে একটি প্রতি-আক্রমণ থেকে শট নিলেও তা ব্লক হয়ে যায়। ৮৭ মিনিটে বাংলাদেশ টানা দুটি কর্নার পেলেও তা থেকে সান্ত্বনাসূচক গোলটি আদায় করতে পারেনি। উল্টো ৮৮ মিনিটে ভিয়েতনামের দো হোয়াং হেনের একটি শট পোস্টে লেগে ফিরে এলে ব্যবধান আর বাড়েনি।

ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের ফুটবল লড়াইয়ের ইতিহাস খুব একটা দীর্ঘ নয়। আজকের ম্যাচসহ দুই দলের চার সাক্ষাতের দুটিতে জয় পেয়েছে ভিয়েতনাম, বাকি দুটি হয়েছে ড্র। আজকের আগে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই যুগ আগে বিশ্বকাপ বাছাইয়ে।

এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে এক জয়, দুই ড্র ও দুই হারে ৫ পয়েন্ট নিয়ে তলানিতে আছে বাংলাদেশ। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে নিয়ম রক্ষার ও নিজেদের মর্যাদা বাঁচানোর শেষ ম্যাচ খেলবে কাবরেরার শিষ্যরা।

এ জাতীয় আরও খবর

ঈদে ঢালিউড সিনেমায় অভিষেক হলো যাঁদের

মার্কিন সেনাদের রুখতে প্রস্তুত ইরানের ১০ লাখের বেশি যোদ্ধা

৩০ হাজার টন জ্বালানি নিয়ে বন্দরে ভিড়ল আরও এক জাহাজ

২৫ বছর পর জিম্বাবুয়েকে ডাকছে ভারত

প্রাইভেটকারে বাসের ধাক্কা, এক পরিবারের চার জনসহ নিহত ৫

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান, নারীসহ আটক ৩

দৌলতদিয়া ট্র্যাজেডি: নৌপরিবহন মন্ত্রণালয়ের ৬ সদস্যের তদন্ত কমিটি

হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করার উপায়

স্বাদ বাঁচাতে ফ্রিজে রাখবেন না যেসব সবজি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী