ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১২০০ কোটি ডলার
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের মধ্যাঞ্চলে গতকাল ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত গাড়ি -টাইমস অব ইসরায়েল
ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১ হাজার ২০০ কোটি (১২ বিলিয়ন) মার্কিন ডলার। হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট রবিবার সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে এই তথ্য দেন। তিনি বলেন, এখন পর্যন্ত তাকে দেওয়া সর্বশেষ ব্রিফিং অনুযায়ী তিনি এ হিসাব পেয়েছেন। আল জাজিরা।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে এ সংঘাতের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ বাড়ছে। তবে সাক্ষাৎকারের শুরুতে হ্যাসেট এটিকে পুরো যুদ্ধের সম্ভাব্য মোট ব্যয় হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু মাঝপথে তাকে বিষয়টি পরিষ্কার করে বলতে বাধ্য করা হয়।
কারণ, সাক্ষাৎকার চলাকালে সিবিএসের উপস্থাপক মার্গারেট ব্রেনান উল্লেখ করেন, শুধু অস্ত্রশস্ত্রেই প্রথম সপ্তাহে ৫০০ কোটি ডলারের বেশি খরচ হয়েছে। ব্রেনানের এই দাবির বিষয়ে হ্যাসেট সরাসরি কোনো মন্তব্য করেননি। এ যুদ্ধের প্রভাব যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য হুমকি হয়ে ওঠার আশঙ্কাকে খুব একটা গুরুত্ব দেননি হ্যাসেট। হ্যাসেট বলেন, আর্থিক বাজার এরই মধ্যে ভবিষ্যতে জ্বালানি সরবরাহ নিয়ে সংকটের দ্রুত সমাধান এবং জ্বালানির দামের উল্লেখযোগ্য পতনের পূর্বাভাস দিচ্ছে।











