‘জুলাই সনদের প্রতিটি ধারা সাংবিধানিকভাবে বাস্তবায়ন করবে সরকার’
ঝিনাইদহ প্রতিনিধি : শিরিষকাঠ খাল পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: আমাদের সময়
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মিথ্যা ও বিভ্রান্ত তথ্য দিয়ে বিএনপির দেশ পরিচালনা করতে চায় না। জনআকাঙ্ক্ষা নিয়মতান্ত্রিক ও সাংবিধানিকভাবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য সরকার বদ্ধপরিকর। জুলাই সনদের প্রতিটি ধারা সাংবিধানিকভাবে বাস্তবায়ন করবে।
তিনি বলেন, ‘জুলাই যেমন আমাদের জীবনের বাঁক ঘুরিয়ে দিয়েছে, তেমনি ৫২,৭১, ৮২ থেকে ৯০, ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা খুনগুন হয়েছে, তাদের জন্য অক্ষরে অক্ষরে সনদ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে বিএনপি।’
সোমবার (১৬ মার্চ) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদাহ গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত শিরিষকাঠ খাল পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন কল্যাণ ও সমৃদ্ধির জন্য খাল খনন কর্মসূচির চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশব্যাপী খাল খননের মাধ্যমে তিনি অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছিলেন। এখন তার সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পিতার প্রবর্তিত খাল খনন কর্মসূচি চালুর মাধ্যমে এদেশে আবারো উন্নয়ন ও উৎপাদনের ধারা সূচনা করলেন।’
আসাদুজ্জামান বলেন, ‘ভোটের কালি শুকানোর আগেই বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে।প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ফিরে বলেছিলেন আই হ্যাভ এ প্লান। তিনি একে একে তার প্লানগুলো সাধারণ মানুষের কল্যাণে বাস্তবায়ন করে চলেছেন। প্রধানমন্ত্রীর ঘোষিত দশ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হাওয়াই ফ্যাসিস্ট ও নিন্দুকেরা লা জবাব হয়ে গেছে।’
আইনমন্ত্রী বলেন, আই হ্যাভ এ প্ল্যান মানেই এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি, ঢাকায় ফ্ল্যাট, নিজের প্রটোকলে মাত্র চারটি গাড়ি রাখা, মন্ত্রীদের গার্ড অফ অনার ও ফুলের তোড়া গ্রহণ না করা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তাদের বলেছেন, এমপি হয়েছেন জনসভার জন্য, নিজের সেবার জন্য নয়। আর এই কারণেই কোনো মন্ত্রী ও এমপি ঢাকায় ফ্লাট নিচ্ছেন না। তার এই পরিবর্তনের অঙ্গীকার মানুষের মাঝে এক আশার আলো সঞ্চার করেছে। জনআকাঙ্খার সঙ্গে সঙ্গতি রেখে তিনি এগিয়ে যাচ্ছেন বলে মন্ত্রী উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় এসেই কথার ফুলঝুড়ি নয়, কাজ বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। বাংলার রাখাল রাজা তারেক রহমান ইতিমধ্যে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন। সারা বাংলাদেশের ৪ কোটি পরিবারকে এই কার্ড দেওয়া হচ্ছে। ১০ হাজার টাকা পর্যন্ত কিছুদিনও খুব করা হয়েছে। এতে দেড় হাজার কোটি টাকা মওকুফ করা হয়েছে। সারা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপনের টার্গেট নেওয়া হয়েছে। খাল গুলো সতেজ ও কৃষি নির্ভর করে তুলতে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এগুলোই হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্লেনের অংশ।’
ঝিনাইদহ জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, সংসদ সদস্য মতিয়ার রহমান, সংসদ সদস্য আবু তালিব, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, বিএনপি নেতা রাশেদ খান, মেহেদী হাসান রনি ও হরিনাকুন্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান মাস্টার।
আইনমন্ত্রী খাল খনন উদ্বোধন শেষে ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য মশিউর রহমানের মাজার জিয়ারত করেন। পরে তিনি জেলা প্রশাসকের ইফতার মাহফিল ও পুলিশ সুপারের নৈশভোজে যোগদান করেন।











