রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫টি আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১০, নীলফামারী-২, মাদারীপুর-১, চুয়াডাঙ্গা-১ ও পিরোজপুর-২ আসনের সদ্য সম্পন্ন জাতীয় নির্বাচনের ব্যালট সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১২ মার্চ) এই নির্দেশ দেন আদালত। আলাদা আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।

এর মধ্যে ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো. জসিম উদ্দিন সরকারের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী বেলায়েত হোসেন। এ আসনে জয়ী হয়েছেন বিএনপি নেতা শেখ রবিউল আলম। বর্তমানে তিনি মন্ত্রী পরিষদের সদস্য।

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শেখ রবিউল আলম ৮০ হাজার ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। মামলার বাদী জামায়াতে ইসলামীর নেতা জসিম উদ্দিন সরকার ৭৭ হাজার ২৩৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

এদিকে ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনের বিএনপির প্রার্থী শাহরিন ইসলামের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। ভোটের ফলাফলে এ আসনে জয়ী হয়েছেন জামায়াতের আল ফারুক আব্দুল লতিফ।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন। আদালতে ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনের বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। এ আসনে জয়ী হয়েছেন জামায়াত জোটের সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী মো. শরীফুজ্জামানের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এ আসনে জয়ী হয়েছেন জামায়াতের মাসুদ পারভেজ রাসেল।

পিরোজপুর-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী। তার সেই আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। এ আসনে জয়ী হয়েছেন বিএনপির আহমেদ সোহেল মনঞ্জুর।

এ জাতীয় আরও খবর