মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি সরবরাহ সামলাতে চ্যালেঞ্জের মুখে সরকার

news-image

লুৎফর রহমান কাকন
মধ্যপ্রাচ্যের ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী সংঘাতের প্রভাব বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। এর ঢেউ এসে লেগেছে আমদানিনির্ভর জ্বালানি খাতে বাংলাদেশের অর্থনীতিতেও। ক্ষমতায় এসেই এই সংকটের বাস্তবতায় পড়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এখন সরকারকে একদিকে বিকল্প উৎস খুঁজতে হচ্ছে, অন্যদিকে অভ্যন্তরীণ বাজারে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নজরদারি চালাতে হচ্ছে।

বর্তমানে দেশে অন্তত ১০ থেকে ১৫ দিনের জ্বালানি তেলের মজুদ থাকলেও সম্ভাব্য সংকটের গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে মজুদ করছেন। এতে বাজারে চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একই সঙ্গে আমদানি এবং সরবরাহ ব্যবস্থাপনায় বিশেষ তৎপরতা চালাতে হচ্ছে।

বিকল্প উৎস থেকে আমদানির নির্দেশ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত উৎসের পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে নির্ধারিত উৎস থেকে এলএনজি কার্গো না পাওয়া গেলে স্পট মার্কেট থেকে গ্যাস আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম গতকাল তার কার্যালয়ে বলেন, এপ্রিল মাসে স্পট মার্কেট থেকে চারটি এলএনজি কার্গো আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। তিনি জানান, এপ্রিলের জন্য প্রায় তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানিরও চেষ্টা চলছে। কোন দেশ থেকে আমদানি করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘যেখান থেকে পাওয়া যাবে সেখান থেকেই জ্বালানি সংগ্রহের চেষ্টা করছি। প্রয়োজনে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) অনুসরণ করেও আমদানি করা হবে।’

হরমুজ প্রণালি বন্ধে অনিশ্চয়তা

বাংলাদেশ সাধারণত সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করে। আর দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে এলএনজি আসে। কাতার এনার্জি, কাতার এনার্জি ট্রেডিং, ওমান ট্রেডিং এবং এক্সিলারেট এনার্জির মাধ্যমে এ গ্যাস আমদানি করা হয়।

তবে ইরানের হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় অনেক এলএনজি কার্গোর যাত্রাপথ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে ইতোমধ্যে সরকার স্পট মার্কেট থেকে প্রায় দ্বিগুণ দামে দুটি এলএনজি কার্গো কিনেছে। এপ্রিল মাসে আরও চারটি কার্গো কেনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, ব্রুনাই থেকে প্রায় এক লাখ ২০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তর আমেরিকা থেকেও প্রায় তিন লাখ মেট্রিক টন ডিজেল আনার চেষ্টা চলছে।

জ্বালানি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি যুদ্ধ দ্রুত শেষ হবে। মার্চ মাসে তেমন সমস্যা হওয়ার কথা নয়। তবে যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানি সরবরাহে চাপ বাড়তে পারে।’

ভারত থেকে বাড়তে পারে ডিজেল আমদানি

এদিকে বিকল্প উৎস হিসেবে ভারত থেকেও বেশি পরিমাণ ডিজেল আমদানির পরিকল্পনা করছে সরকার।

বিপিসি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে। এই বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ বর্তমানে ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে জ্বালানি তেল আমদানি করে থাকে। ২০১৭ সালের ২২ অক্টোবর স্বাক্ষরিত চুক্তির আওতায় ভারতের শিলিগুড়ি টার্মিনাল থেকে পার্বতীপুর ডিপো পর্যন্ত স্থাপিত পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হয়।

এই পাইপলাইনের মাধ্যমে প্রতি ব্যারেলে ৫ দশমিক ৫০ মার্কিন ডলার প্রিমিয়ামে ১৫ বছর মেয়াদি চুক্তি রয়েছে। পাইপলাইন চালু হওয়ার আগে ২০১৬ সাল থেকে রেলপথে ডিজেল আমদানি করত বাংলাদেশ।

পরিসংখ্যান অনুযায়ী, ভারত থেকে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন এবং ২০২৫ সালে এক লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।

চুক্তি অনুযায়ী ২০২৬ সালে বাংলাদেশ সর্বোচ্চ এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারে। তবে এখন পর্যন্ত মাত্র পাঁচ হাজার মেট্রিক টন নেওয়া হয়েছে। ফলে চুক্তির আওতায় আরও উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি আমদানির সুযোগ রয়েছে।

বাজারে কৃত্রিম সংকট ঠেকাতে ব্যবস্থা

মধ্যপ্রাচ্যের সংকটকে কেন্দ্র করে দেশে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা দেখা দেওয়ায় সরকার প্রশাসনিক তৎপরতাও বাড়িয়েছে। গতকাল রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ জেলা প্রশাসকদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে। সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. এনামুল হক স্বাক্ষরিত চিঠিতে জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি, খোলা বাজারে বিক্রি ও পাচার ঠেকাতে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করতে বলা হয়েছে।

ডিপোতে সেনা মোতায়েনের প্রস্তাব

পরিস্থিতি বিবেচনায় দেশের প্রধান জ্বালানি তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রামের পতেঙ্গা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশালের ডিপোগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় সেখানে নিরাপত্তা জোরদার প্রয়োজন।

একই সঙ্গে দেশের ফিলিং স্টেশনগুলোতে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে পুলিশি টহল জোরদারেরও অনুরোধ জানানো হয়েছে।

সরকারি সূত্র বলছে, বৈশ্বিক অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে এবং মজুদ পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আজ সোমবার (৯ মার্চ) থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রমজান উপলক্ষে ৯ মার্চ থেকে ঈদুল ফিতরের জন্য একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছেÑ দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা এবং জানালা-দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করা। বিদ্যমান আলোর অন্তত অর্ধেক ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় লাইট ব্যবহার পরিহার করা। অফিস চলাকালীন অতিরিক্ত লাইট, ফ্যান, এসিসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা। এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা। অফিস কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান, এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা। করিডর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখা। অফিস শেষে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এসি) বন্ধ নিশ্চিত করা। অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা। যানবাহনের ব্যবহার সীমিত করা এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া।

অন্যদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রমজান ও ঈদের ছুটির সময় দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে অভিভাবকদের অভিযোগ তুলে ধরা হয় যে, রোজার মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুল চালু থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে। এ প্রেক্ষাপটে আলোচনা শেষে আজ সোমবার (৯ মার্চ) থেকে ঈদের ছুটি পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পূর্বনির্ধারিত বাধ্যতামূলক পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী নেওয়া যাবে।

একই সঙ্গে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এ সময়ের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে।

জানা গেছে, পবিত্র রমজান, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টানা ২৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত সব কোচিং সেন্টার ও ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ থাকবে এবং ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী

মিষ্টি আলুর প্যানকেক তৈরির রেসিপি জেনে নিন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন রিহানা

শ্রীলঙ্কার নতুন হেড কোচ গ্যারি কার্স্টেন

ফল ঘোষণার আগেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে: গোলাম পরওয়ার

নারীদের ঈদ কেনাকাটায় পছন্দের শীর্ষে পাকিস্তানি ড্রেস, নেই একক আধিপত্য

সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই

আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ