সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচন কমিশনার
আসাদুর রহমান
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সদ্য বিদায়ী ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। চলতি মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সেই অধ্যাদেশগুলো উত্থাপিত হবে। সংসদে সিদ্ধান্তের পর স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে পদক্ষেপ নেবে সরকারের স্থানীয় সরকার বিভাগ। ফলে প্রস্তুতি থাকলেও সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রাখা হয়, যা নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা আছে। পরবর্তী সময়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে দলীয় বা জাতীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে ভোট গ্রহণের বিধান করে।
অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে জানিয়ে মীর শাহে আলম বলেন, সংসদ কোন অধ্যাদেশ গ্রহণ করবে আর কোনটি করবে না, সে বিষয়ে সেদিনই সিদ্ধান্ত হবে। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকসংক্রান্ত সংশোধনীটি গৃহীত হলে তা আইন আকারে মন্ত্রণালয়ের মাধ্যমে আবার সংসদে তোলা হবে। আইন পাস হওয়ার পরই নির্বাচনের প্রস্তুতির পরবর্তী ধাপে যাওয়া হবে।
প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজনের সম্ভাবনা কম বলেও ইঙ্গিত দেন বিএনপির এই সংসদ সদস্য। তিনি বলেন, দলীয় প্রতীকে হবে নাকি সাধারণ প্রতীকে, এটি আইন আকারে পাস না হলে আমরা কীভাবে সিদ্ধান্ত নেব? যদি সাধারণ প্রতীকে নির্বাচন করার আইন পাস হয়, তাহলে দ্রুততম সময়ে নির্বাচনের দিকে এগোব। আমরা চাই সব জায়গায় নির্বাচিত প্রতিনিধি থাকুক।
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশেন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করে এবং প্রশাসক নিয়োগ দেয়। নির্বাচিতদের বেশিরভাগই ছিলেন আওয়ামী লীগের। অভ্যুত্থানের পর তারা আত্মগোপনে চলে যান। এরইমধ্যে পাঁচ বছর মেয়াদী স্থানীয় সরকারের কিছু প্রতিষ্ঠানের নির্বাচনের মেয়াদোত্তীর্ণ হয়েছে, কিছু মেয়াদ শেষ হতে চলেছে। দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঢাকার দুই সিটি এবং ২০২১ সালের জানুয়ারিতে চট্টগ্রামে নির্বাচন হয়। এ অবস্থায় স্থানীয় সরকার বিভাগ থেকেও ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের বিষয়ে অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশনকে।
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ত্রয়োদশ সংসদের উপনির্বাচনের পর পরই স্থানীয় সরকারের সিটি ভোটের কার্যক্রম শুরু হবে। স্থানীয় সরকারের জেলা, উপজেলা, পৌরসভার ভোটও রয়েছে। মেয়াদ বিবেচনায় ধাপে ধাপে নির্বাচন হবে। ঢাকা, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট আগে হবে। এসব নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। কমিশন সভায় বসে এ নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হবে।
তিনি আরও বলেন, ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হবে। দলীয় প্রতীক, নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে তার জন্য সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছি। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত থাকবে। তবে আগামী এপ্রিল-জুনের দিকে স্থানীয় সরকারের সিটি করপোরেশনের ভোটের বিষয়ে চিন্তাভাবনা রয়েছে।
ইসির নির্বাচন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদের সময়কে জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কমিশন সভা হয়নি। যে তিনটি নির্বাচন করার জন্য চিঠি এসেছে সেগুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া দেশের অধিকাংশ জায়গায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের পদ ফাঁকা, নয়তো মেয়াদ শেষ পর্যায়ে। এক্ষেত্রে সবগুলো তথ্য সংগ্রহ করে কমিশনে উপস্থাপন করা হবে। তারপরে পর্যায়ক্রম ঠিক করে সবগুলো নির্বাচন আয়োজন করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সংসদে অধ্যাদেশগুলো গৃহীত হলে সেটি আইনে পরিনত করতে কয়েক মাস সময় লাগবে। সেক্ষেত্রে আগামী জুনের পরে সিটি নির্বাচন শুরু হতে পারে বলে মনে করেন তিনি।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি শেষ ভাগে সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে দেশের সব ইউনিয়ন পরিষদে বর্তমানে কারা দায়িত্ব পালন করছেন, তা জানাতে বলা হয়েছে। এছাড়া স্থানীয় সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর তথ্যও সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে।
২০১৫ সালে স্থানীয় সরকারের পাঁচটি স্তরে দলীয় প্রতীকে নির্বাচন করতে আইন সংশোধন করে আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল করে। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ অধ্যাদেশ আইন আকারে পাস হবে কি না এবং তাতে দলীয় প্রতীক ও পরিচয় থাকবে, নাকি বাতিল হবে; সেটির অপেক্ষায় রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন।











