ভাইকে চাকুরি দিতে গিয়ে বোনকে ধর্ষণের চেষ্টা
দিনাজপুরের পার্বতীপুরে ভাইকে চাকুরি দেওয়ার প্রলোভন দিয়ে বড় বোনকে (৩০) রুমে আঁটকিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বড়পুকুরিয়া কয়লা খনির সিবিএ সভাপতি আবুল কাশেম শিকদারের বিরুদ্ধে।
এ বিষয়ে গতকাল বুধবার বিকালে খনির ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে ওই নির্যাতিতা নারীর ছোট ভাই আইনুল হক। নির্যাতিতা ওই নারীর বাড়ী খনির পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার মজিদপুর গ্রামে। সে মৃত মোজাম্মেল হকের মেয়ে। এ ঘটনায় কয়লা খনি এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
সূত্রে জানা গেছে, নির্যাতিতা ওই নারীর ছোট ভাই আইনুল হক খনিতে শ্রমিকের চাকুরির জন্য চেষ্টা করে আসছিল। বিষয়টি জানতে পেরে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (রেজিঃ নং রাজ-১৯৫৬) সভাপতি আবুল কাশেম শিকদার ও প্লামবার (সারফেজ অপারেশন) আজগর আলী গত ১৪ আগস্ট রাত ৯টার দিকে আইনুল হকের চাকুরির বিষয়ে কথা আছে বলে ওই নারীকে খনির ডরমেটরিতে সিবিএ সভাপতির রুমে ডেকে নেয়। সেখানে দরজা বন্ধ করে দুই ঘন্টা আটকে রেখে কাশেম শিকদার ও আজগর ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই নারীর চিৎকারে খনির নিরাপত্তা কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।
খনির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ঘটনার পরদিন থেকে কাশেম শিকদার সিবিএ কার্যালয়ে নির্যাতিতা ওই নারী ও তার পরিবারের সদস্যদের ডেকে নিয়ে দফায় দফায় বৈঠক করে বিষয়টি মিমাংসা ও ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে নির্যাতিতা ওই নারীর ছোট ভাই আইনুল হক গতকাল বুধবার বিকালে অভিযুক্তদের বিরুদ্ধে খনির ব্যবস্থাপনা পরিচালক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করে।
অভিযুক্ত বড়পুকুরিয়া কয়লা খনির সিবিএ সভাপতি কাশেম শিকদার বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি ষড়যন্ত্রের শিকার। প্রয়োজনে অভিযোগকারীর বিরুদ্ধে তিনি মামলা করবেন।
বড়পুকুরিয়া কয়লা খনির জিএম (প্রশাসন) নুরুজ্জামান চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি অস্বীকার না করলেও তিনি বলেন, কারো মানসম্মান জনিত নোংরা বিষয় নিয়ে আমি মোবাইল ফোনে আপনার সাথে কথা বলতে পারবো না। প্রয়োজন হলে খনিতে এসে আমার সাথে কথা বলেন।











