শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আঙ্গুরের ঘনিষ্ঠ স্বজন জাম্বুরা

news-image

শুরুতে গৌরচন্দ্রিকা ছাড়াই জাম্বুরার একটি অবহেলিত দিক বলে নিচ্ছি। যারা গ্রামে বড় হয়েছেন, গ্যাদাকালে তাদের কেউ কেউ ফুটবলের অভাব পূরণ করেছেন জাম্বুরা দিয়ে। তবে এখনও শিশুরা সুযোগ পেলে মাথায় জাম্বুরার খোলস দিয়ে বানানো টোপর চাপাতে ভুল করে না। 

জাম্বুরা লেবুজাতীয় টক-মিষ্টি ফল। ইংরেজিতে পমেলো বা শ্যাডক নামে পরিচিত। পমেলো শব্দটির ব্যুৎপত্তি সম্পর্কে ভাষাবিদরা একেবারেই নীরব। তবে সাধারণভাবে ধরে নেওয়া হয়, ইংরেজি অ্যাপল আর মেলন শব্দের মিলনে পমেলো শব্দটি তৈরি হয়েছে। বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে জাম্বুরাকে ‘বাদাম’ বা ‘করনেল’ নামেও ডাকা হয়। বাংলায় এটার আরেক নাম বাতাবি লেবু। জাম্বুরা শব্দটি বাংলায় এসেছে সংস্কৃত ‘জম্বির’ শব্দ থেকে। বাংলা একাডেমির অভিধানে তাই ‘জম্বুরা’ বানানটিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

উদ্ভিদবিদ্যার দিক থেকে জাম্বুরা আর আঙ্গুরফল খুবই ঘনিষ্ঠ আত্নীয়। তারপরও এটা লেবু গোত্রীয় ফল। আর লেবুর মধ্যে জাম্বুরাই আকারে সবচেয়ে বড়। 

জাম্বুরার আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। সতেরশ শতকে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন শ্যাডক মালয়েশিয়া থেকে এ ফলটি ক্যারিবীয় অঞ্চলে নিয়ে যান বলে ইংরেজিতে জাম্বুরার আরেক নাম শ্যাডক। ফলটি যিশুখ্রিস্টের জম্নেরও একশ বছর আগে চীনে প্রথম ঢোকে বলে ইতিহাসে রয়েছে। 

মজার ব্যাপার হচ্ছে, ১৭৫০ সালে রেভারেন্ড গ্রিফিথ হিউজেজ স্বর্গের নিষিদ্ধ ফল গাছের সন্ধান করছিলেন বার্বাডোজের জঙ্গলে। হঠাৎ তার নজরে আসে জাম্বুরা গাছ। এ গাছ এর আগে তিনি কখনও দেখেনি। তিনি বাছবিচার না করেই তার ‘ন্যাচারাল হিস্টরি অব বার্বাডোজ’ গ্রন্থে এ জাম্বুরা ফলটিকেই স্বর্গের নিষিদ্ধ ফল বা গন্ধম দাবি করে বসেন। তার জানা ছিল না, মাত্র ষাট বছর আগেই ক্যাপ্টেন শ্যাডক এ অঞ্চলে জাম্বুরা গাছ ছড়িয়ে দেন। তবে ওয়েস্ট ইন্ডিজ থেকেই ১৮২৩ সালে পাল তোলা জাহাজে চড়ে জাম্বুরা প্রথম যুক্তরাষ্ট্রের ফ্লোডিয়ার উপকূলে পৌঁছে। 

কাঁচা জাম্বুরার বাইরের দিকটা সবুজ এবং পাকলে হালকা সবুজ বা হলুদ রঙের হয়। এর ভেতরের কোয়াগুলো সাদা বা গোলাপি রঙের। এর খোসা পুরু ও খোসার ভিতর দিকটা ফোমের মতো নরম। এটার ওজন এক থেকে দুকেজি হয়। 

সাইট্রাস গোত্রের এ ফলটি একাধারে যেমন পুষ্টিকর, তেমনি রয়েছে এর নানা ঔষধি গুণ। রোগ নিরাময় আর স্বাস্থ্য সুরক্ষায় জাম্বুরা বিশেষ কার্যকর।

জাম্বুরা ভিটামিন ‘সি’, ভিটামিন ‘এ’ ও পটাসিয়ামের বেশ ভালো উৎস। এছাড়া অন্যান্য ভিটামিনের মধ্যে ফলিক এসিড, পাইরিডয়িন ও থায়ামিনও রয়েছে উল্লেখযোগ্য মাত্রায়। সেই সঙ্গে আছে খানিকটা আয়রন, ক্যালসিয়াম, কপার ও ফসফরাস।

গোলাপি রঙের জাম্বুরা নানা রকম ফাইটোনিউট্রিয়েন্টসে সমৃদ্ধ। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্ল্যাভোনয়েড, নারিঞ্জেনিন ও নারিঞ্জিন। রয়েছে লাইকোপেন, বিটা ক্যারোটিন, জ্যান্থিন ও লিউটিন। আরো আছে খাদ্য-আঁশ পেকটিন।

জাম্বুরা শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এতে রয়েছে এমন কিছু এনজাইম, যা ফ্যাট পুড়িয়ে ফেলতে সাহায্য করে। তা ছাড়া অত্যধিক পানি ও স্বল্প পরিমাণ সোডিয়ামের উপস্থিতি একে ওজন কমানোর কার্যকরী খাবার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

প্রস্টেট ক্যান্সারসহ নানা রকম অসুখ নিরাময়ে জাম্বুরা অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো টক-মিষ্টি জাম্বুরা লবণ-মরিচ মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে।