মোস্তাফিজকে চড়া দামে কিনল লাহোর
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এর জন্য ফ্র্যাঞ্চাইজিটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।
আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে তারা চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্টে জানিয়েছে, ‘আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, তাকে এবার সরাসরি চুক্তির মাধ্যমে আবারও আমাদের পরিবারে ফেরানো হয়েছে। একবার যদি কালান্দার হও, তাহলে চিরকালই কালান্দার। সরাসরি চুক্তিতে মোস্তাফিজ পাচ্ছেন ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপি।’
পিএসএলের ২০১৮ সালের আসরে কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন ফিজ। বাহাতি এই পেসারকে এবার কাড়াকাড়ি পড়তে পারত। তবে সেই সুযোগ দেয়নি লাহোর।
উল্লেখ্য, এবারের আইপিএলের জন্য রেকর্ড মূল্যে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে মোস্তাফিজকে আইপিএল থেকেই বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর জেরে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ করে দেয় আইসিসি।
এর ধারাবাহিকতায় পাকিস্তানেরও বিশ্বকাপ বয়কটের গুঞ্জন শোনা গেলেও তারা সে পথে হাঁটেনি। পাকিস্তান শুধু ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে। সেই পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগেই এবার ঠাঁই হলো বাংলাদেশের ‘কাটার মাস্টার’-এর।






