হিজাব খোলা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, দাবি জেলা প্রশাসকের
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চলাকালে হিজাব খোলা নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) এইচ এম রকিব হায়দার।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড কাসাইটারী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তিনি। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
জানা গেছে, লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান। একই আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে লড়ছেন দলটির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে ওই এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে কথাকাটিতে জড়িয়ে পড়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে উভয় দলের নেতা-কর্মীরা ছুটে যায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ। এতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে রাস্তার পাশে থাকা অন্তত ৪-৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তাৎক্ষণিক আহদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থলে যান লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি)।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু গণমাধ্যমকে জানান, সংঘর্ষের কারণ এবং আহতদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তার জানা নেই।
এদিকে এ বিষয়ে জানতে বিএনপির প্রার্থী হাসান রাজীব প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এক নারী জামায়াতকর্মী গণমাধ্যমকে বলেন, ‘আমরা যেখানেই ভোটের জন্য যাই— এটা তো সবার অধিকার। সবাই সব জায়গায় ভোটের প্রচার-প্রচারণা করতে পারে। আমরা তো যুদ্ধ করতে আসিনি। আমরা চাই, আমরা শান্তভাবে ভোট চাইব। কারো সঙ্গে ঝগড়া-বিবাদ করব না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘ঘটনা শুনে তাৎক্ষণিক চলে এসেছি। এসে দেখলাম হিজাব খোলা নিয়ে এই ঘটনা… হিজাব একটু খুল তো। এই ঘটনা থেকে শুরু হয়ে এখানে দুই-তিনটা মোটরসাইকেল ভাঙচুর হল, আবার বাড়ির ভেতরে কিছু ইট-পাটকেল মারল। বাড়ির ভেতরেও দেখলাম দুইটা মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। একটু সামান্য ঘটনা থেকেই এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। আইনের জায়গা থেকে সর্বোচ্চ যতটুকু করণীয়, তদন্তসাপেক্ষে আমরা তা করব।’
এসপি মো. আসাদুজ্জামান বলেন, ‘আজকের ঘটনা নির্বাচনের পরিবেশটাই নষ্ট করল। এর আগে লালমনিরহাটে এই ধরনের ঘটনা ঘটেনি, এখন পর্যন্ত প্রথম এ ঘটনা ঘটল। আমরা সম্পূর্ণ শতভাগ নিরপেক্ষভাবে তদন্ত করব। যার যতটুকু অপরাধ, তার ততটুকু দায়িত্ব নিতে হবে।’











