রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপিতে ব্যবধান বাড়াল ছাত্রদল, এজিএস পদে টানটান উত্তেজনা

news-image

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে।ওএমআর মেশিনে ভোট গণনা শেষে একে একে প্রকাশ করা হচ্ছে বিভাগীয় ফলাফল। এখন পর্যন্ত প্রাপ্ত গুরুত্বপূর্ণ ১৪টি কেন্দ্রের সম্মিলিত ফলাফলে দেখা যাচ্ছে, ভিপি পদে ব্যবধান আরও বাড়িয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব। আর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর মধ্যে চলছে তীব্র স্নায়ুযুদ্ধ।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব নিজের বিভাগ উদ্ভিদ বিজ্ঞানে (বোটানি) বিপুল ভোটে জয়ী হয়ে শক্ত অবস্থানে রয়েছেন। নিজের বিভাগে তিনি পেয়েছেন ২১৬ ভোট, আর শিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৬৫ ভোট।

বর্তমানে ১৪ কেন্দ্রের মোট হিসেবে রাকিব এক হাজার ৬৭৩ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন, যেখানে রিয়াজুল ইসলামের প্রাপ্ত ভোট এক হাজার ৪২৪। ভিপি পদে এখন ছাত্রদল ২৪৯ ভোটে এগিয়ে আছে।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ। ১৪ কেন্দ্রের হিসেবে তিনি এক হাজার ৫৮৭ ভোট পেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। এই পদে শিবিরের লিড এখন ৭৯৪ ভোটের।

এ ছাড়া এজিএস পদে এখন পর্যন্ত ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা এক হাজার ৪৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার ঠিক পেছনেই অবস্থান করছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের বি এম আতিকুর রহমান তানজিল, যার প্রাপ্ত ভোট সংখ্যা এক হাজার ২৯৭। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান মাত্র ১৬৯।

উল্লেখ্য, ৩৯টি কেন্দ্রের মধ্যে মাত্র ১৪টির ফলাফল ঘোষিত হয়েছে। এখনো কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বড় বড় কেন্দ্রসহ ২৫টি কেন্দ্রের ফলাফল আসা বাকি। ওএমআর মেশিনে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভোট গণনা চলমান থাকায় বাকি পদগুলোর চূড়ান্ত ভাগ্য নির্ধারণে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

 

এ জাতীয় আরও খবর