হ্যাটট্রিকের পরেও জিততে পারলো না নোয়াখালী
অনলাইন ডেস্ক : বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বোলার মেহেদী হাসান রানার হ্যাটেট্রিকের পরও শ্বাসরুদ্ধকর জয় পেল সিলেট।
শনিবার খুব ভালো শুরু করতে পারেনি নোয়াখালী। ওপেনার মাজ সাদাকাত এবং হাবিবুর রহমান সাজঘরে ফিরেছেন মাত্র ১ এবং ২ রান করে। প্রথম চার ব্যাটারের মধ্যে তিনজনই আউট হন রানের খাতা খোলার আগেই। পাওয়ারপ্লের শেষ ৬ ওভারে তারা ৩ উইকেট হারিয়ে মাত্র ২৮ রান তুলতে সক্ষম হন।
শুরুতে চাপে থাকা নোয়াখালীর দলকে লড়াকু ইনিংসে নিয়ে যান সৈকত আলী এবং মাহিদুল ইসলাম অঙ্কন। অঙ্কন ৫১ বলে ৬১ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। শেষ দিকে ক্রিজে যোগ দেন জাকের আলী অনিক, যিনি শেষ ওভারে ২৯ রান করে দলের স্কোর ১৪৩ রানে পৌঁছে দেন।
সিলেট টাইটান্সকে শুরুতেই ধাক্কা খেতে হয়। প্রথম ওভারেই সাজঘরে ফিরেছেন ওপেনার সাইম আইয়ুব। ২ উইকেটে মাত্র ১৭ রান করার পর রনি তালুকদার ৭ বলে ৯ রান করে আউট হন। এরপর ক্রিজে আসে পারভেজ হোসেন ইমন। তিনে নামা মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বাঁধেন ইমন। দুজনের সাবলীল ও কৌশলী ব্যাটিং দলের ইনিংসকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়। ইমন ৪১ বলে ৬০ রান করে দলের ১১৭ রানের মাথাতে আউট হন। তার বিদায়ের পর ক্রিজে যোগ দেন আফিফ হোসেন ধ্রুব, যিনি ৬ বলে মাত্র ৩ রান করেন। মিরাজের সঙ্গে ক্রিজে যোগ দিয়ে শেষ পর্যন্ত সিলেট জয় নিশ্চিত করে।
নোয়াখালী এক্সপ্রেসের বোলার মেহেদী হাসান রানা ম্যাচের ১৮তম ওভারে এসে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট তুলে নেন। মিরাজ, নাসুম আহমেদ এবং খালেদ আহমেদকে ফিরিয়ে করেন হ্যাটট্রিক। শেষ দুই ওভারে সিলেটের দরকার ছিল ১৯ রান। শেষ ওভারের নাটকীয়তায় ইথান ব্রুকস ও সালমান ইরশাদের সহায়তায় সিলেট এক অবিশ্বাস্য জয়ে ১ উইকেটে ম্যাচ শেষ করে।
নোয়াখালী এক্সপ্রেসের বোলিংয়ে মেহেদী হাসান রানা ৪ উইকেট নেন। হাসান মাহমুদ ২ উইকেট নেন। জাহির খান ও রেজাউর রহমান রাজা ১টি করে উইকেট শিকার করেন।











