সাজিদের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের ঢল
রাজশাহী ব্যুরো : মসজিদের মাইকে বারবার ভেসে আসছে—দুই বছরের শিশু সাজিদের মৃত্যুর ঘোষণা।এতে ভোর থেকেই শোকে স্তব্ধ পুরো গ্রাম, প্রতিবেশী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে আছে গ্রামের বাতাস।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে সাজিদের দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে সকাল থেকেই স্থানীয়রা গ্রামের রাস্তা ধরে গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে সাজিদের বাড়িতে যায়। তারা এক নজর দেখতে চায় সেই নিষ্পাপ মুখটা, যে মুখে প্রতিদিন হাসি ছিল, আজ সেখানে নিস্তব্ধতা।
এরপর থেকেই জানাজার মাঠে মানুষের ঢল নামে। গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুলপড়ুয়া ছেলেরা সবাই অশ্রুশিক্ত। কারও কণ্ঠে শোনা যায়- ‘হে আল্লাহ, এমন মৃত্যু যেন আর কেউ না পাক।’
জানাজার নামাজের ইমাতি করেন- কাজী মাওলানা মিজানুর রহমান। শেষে সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করেন।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপে পড়ে নিখোঁজ হয় শিশু সাজিদ।
ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











