রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাস পর নভেম্বরে গতি কমেছে অর্থনীতির

news-image

নিজস্ব প্রতিবেদক : অক্টোবর মাসে দেশের অর্থনীতি যে হারে সম্প্রসারণ হয়েছিল, গত নভেম্বর মাসে তার গতি অনেকটা কমেছে। বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) নভেম্বরের প্রতিবেদন বলছে, অক্টোবরের তুলনায় নভেম্বরে পিএমআই সূচক ৭ দশমিক ৮ পয়েন্ট কমে ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অক্টোবরে ছিল ৬১ দশমিক ৮ পয়েন্টে। প্রতিবেদন অনুসারে এ সময় দেশের প্রধান কৃষি, নির্মাণ, সেবা ও শিল্পÑ এই চার প্রধান খাতের সবগুলোতে সম্প্রসারণের গতি কমেছে। সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে সেবা খাত। এই খাতে প্রায় পিএমআই সূচক ১০ পয়েন্ট কমেছে। এ ছাড়া শিল্প বা উৎপাদন খাতের গতিও অনেক কমেছে। অক্টোবরের তুলনায় নভেম্বরে উৎপাদন খাতের পিএমআই সূচক প্রায় ৮ পয়েন্ট কমেছে।

কৃষি, নির্মাণ, উৎপাদন ও সেবা- অর্থনীতির এই অন্যতম প্রধান চার খাতের ৪০০টি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে পিএমআই প্রকাশ করা হয়। সূচক তৈরির ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে কাঁচামাল ক্রয়, পণ্যের ক্রয়াদেশ, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। মূলত পিএমআই শূন্য থেকে ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হয়। সূচকের মান ৫০-এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ এবং ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়। আর মান ৫০ থাকলে বুঝতে হবে সংশ্লিষ্ট খাতে ওই মাসে কোনো পরিবর্তন হয়নি।

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের শতবর্ষী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ যৌথভাবে পিএমআই প্রণয়ন করছে। গতকাল রবিবার নভেম্বর মাসের পিএমআই প্রকাশ করা হয়। সূচকটি প্রণয়নে সহযোগিতা করছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট কার্যালয় (এফসিডিও) ও সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম)।

চলতি অর্থবছরের জুলাইয়ে পিএমআই মান আগের মাসের তুলনায় বেড়ে ৬১ দশমিক ৫ পয়েন্টে উন্নীত হয়। পরের মাস আগস্টে তা আবার কমে ৫৮ দশমিক ৩ পয়েন্টে নামে। এর পর সেপ্টেম্বরে দশমিক ৮ শতাংশ বেড়ে ৫৯ দশমিক ১ পয়েন্টে ওঠে। অক্টোবরেও কিছুটা বেড়ে ৬১ দশমিক ৮ পয়েন্টে উঠে আসে। সে হিসাবে টানা দুই মাস দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সম্প্রসারণের গতি বেড়েছে। তবে সর্বশেষ নভেম্বর মাসে অর্থনীতির গতি আবার কমে গেছে। নভেম্বরে ৭ দশমিক ৮ পয়েন্ট কমে ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

চার খাতের চিত্র

খাতওয়ারি হিসাবে দেখা যায়, কৃষি খাত টানা তৃতীয় মাসের মতো সম্প্রসারণ ধরে রাখলেও তা ছিল ধীর। এ খাতে ২ দশমিক ২ পয়েন্ট কমে ৫৭ দশমিক ৪ পয়েন্টে দাঁড়িয়েছে। যা অক্টোবরে ছিল ৫৯ দশমিক ৬ পয়েন্ট। এর কারণ হিসেব নতুন ব্যবসা, কর্মসংস্থান এবং ইনপুট খরচ সূচকে ধীরগতির সম্প্রসারণকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে। তবে ব্যবসায়িক কার্যক্রম সূচকটি দ্রুততর হারে সম্প্রসারণ রেকর্ড করেছে। অর্ডার ব্যাকলগ সূচক ধীরগতির সংকোচন দেখিয়েছে।

উৎপাদন খাত টানা ১৫তম মাসে সম্প্রসারণ বজায় রেখেছে, তবে এ খাতের গতি কৃষি ও নির্মাণ খাতের চেয়েও কম ছিল নভেম্বর মাসে। অক্টোবরে উৎপাদন খাতে পিএমআই সূচক ছিল ৬৬ দশমিক ১০ পয়েন্ট, যা নভেম্বর মাসে কমে ৫৮ দশমিক ৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের মাসের তুলনায় ৭ দশমিক ৮ পয়েন্ট কমে গেছে গতি। নতুন অর্ডার, রপ্তানি অর্ডার, উৎপাদন, ইনপুট ক্রয়, সমাপ্ত পণ্য, আমদানি, ইনপুট মূল্য, কর্মসংস্থান ও সরবরাহকারীর ডেলিভারিÑ সবগুলো সূচকই সম্প্রসারণ দেখিয়েছে। তবে অর্ডার ব্যাকলগের দ্রুততর সংকোচন রেকর্ড হয়েছে।

নির্মাণ খাতে পিএমআই সূচক কমেছে ৫ দশমিক ৩ পয়েন্ট। অক্টোবরে পিএমআই সূচক ছিল ৫৬ দশমিক ৫ পয়েন্ট, যা নভেম্বরে কমে ৫১ দশমিক ২ পয়েন্টে দাঁড়ায়। নির্মাণ খাতে এই ধীরগতির কারণ হিসেবে নির্মাণ কার্যক্রম, কর্মসংস্থান ও ইনপুট খরচ বেড়ে যাওয়াকে দায়ী করা হয়েছে। অর্ডার ব্যাকলগ সূচক দ্রুততর সংকোচন দেখিয়েছে এবং নতুন ব্যবসা সূচকটি সংকোচনে ফিরে গেছে।

চার খাতের মধ্যে সেবা খাতের গতি সবচেয়ে কমেছে। অক্টোবরে সেবা খাতে পিএমআই সূচক ছিল ৬১ পয়েন্ট, নভেম্বরে ৯ দশমিক ৪ পয়েন্ট কমে ৫১ দশমিক ৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে খাতটি টানা ১৪তম মাস সম্প্রসারণ ধরে রেখেছে। নভেম্বরে এই ধীরগতির কারণ হিসাবে প্রতিবেদনে বলা হয়, কর্মসংস্থান ও ইনপুট খরচ বেড়েছে। বিপরীতে নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম এবং অর্ডার ব্যাকলগÑ সবগুলো সূচকই কমেছে।

প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যৎ ব্যবসা সূচকে, কৃষি, নির্মাণ ও সেবা খাতে গতি সম্প্রসারণের আশা করা হয়েছে। তবে উৎপাদন খাতের গতি সহসাই বাড়বে না বলেও ধারণা করা হয়েছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ বলেন, ‘নভেম্বর মাসের পিএমআই থেকে বোঝা যায়, অর্থনৈতিক সম্প্রসারণের গতি দুর্বল হয়ে এসেছে, যা বৈশ্বিক চাহিদা কমে যাওয়া ও রপ্তানি প্রতিযোগিতা হ্রাসের কারণে রপ্তানি খাতে চাপ, অভ্যন্তরীণ চাহিদার পতন এবং জাতীয় নির্বাচনের আগে ব্যবসাগুলোর বিনিয়োগ স্থগিত রাখার প্রবণতার ফল। বার্ষিক রপ্তানি কমে গেলেও মাসওয়ারি বৃদ্ধি এবং কৃষি ফসল কাটার ধারাবাহিকতা সামগ্রিক সম্প্রসারণ বজায় রাখতে সহায়তা করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, উৎপাদন খাত ছাড়া অন্য সব খাতে ভবিষ্যৎ ব্যবসা সূচকের দ্রুততর সম্প্রসারণ লক্ষণীয়।

 

এ জাতীয় আরও খবর

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা