বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ
অনলাইন ডেস্ক : বিভিন্ন দাবিতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এ কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. সেলিম খান এ তথ্য জানান। তিনি বলেন, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশের সব এলপিজি বিক্রির দোকান বন্ধ রাখা হবে।
ব্যবসায়ীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে পরিবেশকদের কমিশন বাড়ানো এবং কোম্পানিগুলোর ইচ্ছামতো মাসে একাধিকবার গ্যাসের দাম বাড়ানোর প্রবণতা বন্ধ করা। একই সঙ্গে এলপিজির দাম সমন্বয়ের ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত নিয়ম অনুসরণের দাবি জানিয়েছেন তারা।
এ ছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কয়েকটি কোম্পানির সিলিন্ডারে গ্যাস ভরার কার্যক্রম পুনরায় চালু করা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অযৌক্তিক জরিমানা আরোপ বন্ধের দাবিও তুলে ধরেন ব্যবসায়ীরা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এসব দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
কর্মসূচি কার্যকর হলে বৃহস্পতিবার ও শুক্রবার এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।











