ঢাকার বায়ুমানে আজও উন্নতি নেই
অনলাইন ডেস্ক : বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে বায়ুদূষণে কয়েক দিন ধরে দ্বিতীয় শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ শনিবার সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। এদিন ঢাকার আগে কেবল মিসরের রাজধানী কায়রো, যা বায়ুর মানের দিক থেকে ‘খুবই অস্বাস্থ্যকর’।
আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে মিসরের কায়রো (৩০০)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (২৫৯)। এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ট স্থানে রয়েছে যথাক্রমে উজবেকিস্তানের তাশখন্ত (২৪২), ভারতের কলকাতা (২২২) ও পাকিস্তানের লাহোর (২১৪)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে।











