হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ
অনলাইন ডেস্ক : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বিচারকাজ শেষ হয়েছে। এ মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ঘোষণা করেন।
এদিন মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় আসামিদের স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন ট্রাইব্যুনালের কাছে তার বক্তব্য তুলে ধরেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম, সুলতান মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (২২ অক্টোবর) এই মামলার আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। পরে প্রসিকিউশন যুক্তিখণ্ডন করে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মামলার সর্বশেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে এদিন বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর। এ ছাড়া অ্যাটর্নি জেনারেলও নিজের বক্তব্য উপস্থাপন করেন।
শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মামলায় এ পর্যন্ত জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও চিকিৎসকসহ মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন।
এই মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাই-আগস্টের গণহত্যাকালীন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি গণহত্যার পেছনের ঘটনার বিশদ বিবরণ দেন এবং নির্দেশদাতা ও বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করেন।
প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, এখন পর্যন্ত উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণ পৃথিবীর যেকোনো আদালতে আসামিদের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট।
উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন।
আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮১ জনকে। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।











