বাণিজ্যবান্ধব আমদানি নীতি আসছে
আবু আলী
দেশে বাণিজ্যবান্ধব আমদানি নীতি-২০২৫-২৮ চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন এ নীতিতে থাকছে রপ্তানি-বাণিজ্য আরও বেগবান করার কৌশল। নীতিমালায় সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে বাণিজ্য সহজ করার বিষয়টিতে। পণ্য আমদানি সহজ করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ন্যূনতম দর বা নগদ মার্জিন আর থাকছে না। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় তা একেবারেই তুলে দেওয়া হচ্ছে। ফলে যে কোনো আমদানিকারক যে কোনো পরিমাণ পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারবেন। খবর বাণিজ্য মন্ত্রণালয় সূত্রের।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর ফলে যে কেউ সহজেই বিদেশ থেকে পণ্যসামগ্রী আমদানির সুযোগ নিতে পারবেন। বিশেষ করে গার্মেন্টস খাতের ব্যবসায়ীদের নমুনা আমদানি সহজ করা হয়েছে। নতুন আমদানি নীতিতে বিদ্যমান নীতিমালার কিছু কিছু ক্ষেত্রে সংযোজন-বিয়োজন বা সংশোধন করা হয়েছে।
সূত্রমতে, আমদানি নীতি আদেশের খসড়া তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। খসড়া তৈরির আগে এ বিষয়ে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের মতামত নেওয়া হয়েছে। খসড়ার মূল বিষয়গুলো বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের কাছে তুলে ধরেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য উপদেষ্টার পর্যবেক্ষণের পর আমদানি নীতির খসড়া চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গতকাল আমাদের সময়কে বলেন, আমদানি নীতি আদেশের খসড়া অনুমোদনের জন্য আজ সোমবার বা আগামীকাল উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গেজেট জারির মাধ্যমে তা কার্যকর হবে।
জানা গেছে, নতুন নীতি আদেশের খসড়ায় হাইড্রোলিক হর্ন নিষিদ্ধের কথা রয়েছে। আর থাকছে শব্দদূষণ নিয়ন্ত্রণে হর্নের মাত্রা কমানোর কথা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সুপারিশে হর্নের মাত্রা ১০০ ডেসিবেলের মধ্যে রাখার কথা রয়েছে খসড়া আমদানি নীতি আদেশে। এ ছাড়া আমদানি করা খাদ্যদ্রব্যের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে সরকার-অনুমোদিত গবেষণাগারের একটি তালিকা থাকবে। নির্ধারিত হবে মনুষ্য খাদ্যের উপযুক্ততা নির্ণয়ে অভিন্ন মানদণ্ড। নিষিদ্ধ পণ্যের তালিকায় আরও রয়েছে হাইড্রোলিক হর্নসহ ৭৫ ডেসিবেলের ঊর্ধ্ব মাত্রার সব হর্ন; বিভিন্ন রাসায়নিক কীটনাশক ও শিল্পজাত দ্রব্য অর্থাৎ এলড্রিন, ক্লোরডেন, ডিডিটি, ডাই-এলড্রিন, এনড্রিন, হেপ্টাক্লোর, মিরেক্স, টক্সফেন, হেক্সক্লোরোবেনজিন, পলিক্লোরিনেটেড বাই-ফিনাইল; পলি প্রোপাইলিন ও পলিথিন ব্যাগ; দুই স্ট্রোক ইঞ্জিন ও চেসিসবিশিষ্ট থ্রি-হুইলার যানবাহন অর্থাৎ টেম্পো, অটোরিকশা ইত্যাদি।
বাংলাদেশের সীমারেখা দেখানো হয়নি এমন মানচিত্র, চার্ট ও ভৌগোলিক গ্লোব, হরর কমিকস, অশ্লীল ও নাশকতামূলক সাহিত্য পুস্তিকা, সংবাদ সাময়িকী, পোস্টার, ফটো, ফিল্ম, কাগজপত্র, অডিও-ভিডিও টেপ ইত্যাদি পণ্যও আমদানি করা যাবে না।
নতুন আমদানি নীতির খসড়ায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে পেট্রোকেমিক্যাল শিল্পের অন্যতম কাঁচামাল ইথাইলিন ও প্রোপাইলিনকে। তবে বিস্ফোরক পরিদপ্তর ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অনুমতি নেওয়ার শর্তের কথা রয়েছে খসড়ায়।
আমদানিনিষিদ্ধ পণ্য মিথাইল ব্রোমাইডের কারণে অস্ট্রেলিয়ায় চাল ও মসলা রপ্তানিতে সমস্যা হচ্ছে। গ্যাস সিলিন্ডার আমদানির ক্ষেত্রে আলাদা এইচএস কোড, পরিবেশবান্ধবভাবে ব্যাটারি রিসাইক্লিংয়ের বিষয়টি নিশ্চিত করে পুরনো ব্যাটারি আমদানির অনুমতি নিয়েও কথা উঠেছে। সূত্র জানায়, এসব জটিলতার সমাধান হবে এবারকার আমদানি নীতির মাধ্যমে। এ ছাড়া পাম অলিন আমদানির ক্ষেত্রে বিএসটিআই থেকে মান উত্তীর্ণের প্রত্যয়নপত্র নেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হতে পারে। নতুন আমদানি নীতির খসড়ায় সব ধরনের বর্জ্য পদার্থ আমদানি-নিষিদ্ধ করার কথা রয়েছে। এ তালিকায় আরও রয়েছে চিংড়ি, জীবিত শূকর ও শূকরজাত সব ধরনের পণ্য; পপি বীজ, পোস্তদানা, ঘাস, ঘন চিনি, কৃত্রিম শর্ষের তেল, রিকন্ডিশন্ড অফিস ইকুইপমেন্ট অর্থাৎ ফটোকপিয়ার, টাইপরাইটার, টেলেক্স, ফোন, ফ্যাক্স, পুরনো কম্পিউটার, কম্পিউটারসামগ্রী ও পুরনো ইলেকট্রনিকস সামগ্রী।
পুরনো জাহাজ আমদানির ক্ষেত্রে ‘কোনো বিষাক্ত বা বিপজ্জনক বর্জ্য পরিবহন করা হচ্ছে না’ মর্মে রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র ও আমদানিকারকের ঘোষণাপত্র থাকার কথাও উল্লেখ রয়েছে খসড়ায়। তবে সব ধরনের যুদ্ধজাহাজ, শুধু প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তরবারি ও বেয়নেট ইত্যাদি পণ্য শুধু ব্যবহারকারী সংস্থা-সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের ছাড়পত্রের ভিত্তিতে আমদানির কথা বলা হয়েছে।











