শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ৯৪ হাজার ইয়াবাসহ আটক ৩

news-image

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৯৪ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, মিয়ানমারের ডেইল পাড়া গ্রামের মো. সুলতানের ছেলে আমান উল্লাহ ও  মো. ইউনুছের ছেলে মো. ইউছুপ এবং  টেকনাফ পৌরসভা কুলারপাড়ার আবু বক্করের ছেলে নুরুল আলম (২৩)। বৃহস্পতিবার টেকনাফের কুলাল পাড়া ও নাফনদীর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার নাফনদীর সংলগ্ন নতুন জেটিঘাটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে সকালে নাফনদী দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে টেকনাফ সদর বিওপির নায়েক সুবেদার আবু কালামের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে আমান উল্লাহ ও মো.  ইউছুপকে আটক করে। পরে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 
আটক ব্যক্তিদের থানায় সোর্পদ করে অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে মামলা করা হয়েছে এবং উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে বলে জানান তিনি। অপরদিকে বৃহম্পতিবার রাত ৮ টার দিকে টেকনাফ পৌরসভার কুলালপাড়ার আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তার ছেলে নুরুল আলমকে (২৩) আটক করা হয়েছে বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার। আটক নুরুল আলমকে থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।