গাংনীতে পাটের ফলন ও দাম ভালো, তবুও খরচে চাষিরা বিপাকে
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা : গাংনী উপজেলার চাষিরা চলতি মৌসুমে পাটের ভালো ফলন ও বাজারদর পেলেও শ্রমিক খরচ এবং উৎপাদন ব্যয়ের কারণে লাভ নিয়ে সংশয়ে রয়েছেন। তীব্র শ্রমিক সংকট ও ব্যয়বহুল উৎপাদন ব্যয় তাদের লাভের অঙ্কে কালো ছায়া ফেলছে।
তেতুলবাড়িয়া গ্রামের কৃষক আতাউল হক জানান, তিনি জরিপ তলার মাঠে সাড়ে তিন বিঘা জমিতে পাট আবাদ করেছেন। বাজারে পাটের দাম ভালো—প্রতি মণ ৩০০০ থেকে ৩৪০০ টাকা। প্রতিটি বিঘায় ৯-১০ মণ পাট হয়েছে। তবে শ্রমিক খরচ ও অন্যান্য ব্যয়ের কারণে প্রতি বিঘায় প্রায় ২৮ হাজার টাকা খরচ হচ্ছে, ফলে লাভ হচ্ছে খুবই সীমিত।
তিনি আরও জানান—আগাছা পরিষ্কারে ১২ জন শ্রমিক: ৪৮০০ টাকা, জমি প্রস্তুতিতে ৪ জন শ্রমিক: ২৮০০ টাকা, জাগ দেওয়ায় ৩ জন শ্রমিক: ২১০০ টাকা, আশঁ ছাড়াতে ৬ জন শ্রমিক: ৪৮০০ টাকা, এছাড়াও শুকানোর জন্য দুই দিনের খরচও ২৮০০ টাকা।
হাড়াভাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুস জানান, তাঁর হাড়াভাঙ্গা ডিড়ের মাঠে সাড়ে চার বিঘা জমিতে পাট রয়েছে। কিন্তু এক বিঘার শ্রমিক খরচ দিতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন,“এবার পানি ও আবহাওয়া ভালো থাকায় পাটের ফলন ভালো হয়েছে। সরকার যদি পাটের ন্যায্য দাম নির্ধারণ করত, তাহলে আমরা উপকৃত হতাম।”
অন্যদিকে বামন্দি গ্রামের ফরিদ জানান, তাঁর দুই বিঘা জমিতে পাট রয়েছে। শ্রমিক খরচ নিয়ে তিনিও বিপাকে। তিনি বলেন,
“পাটের দাম ভালো হলেও শ্রমিক সংকট ও খরচ বেড়ে যাওয়ায় আমরা চিন্তিত। পাটের দামের সঙ্গে সঙ্গে লেবার খরচও বাড়ছে।”
গাংনী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ৯ হাজার ৫৪০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে ৭২০ হেক্টর বেশি।
গত বছর এই পরিমাণ ছিল ৮৮২০ হেক্টর। উপজেলার কৃষকরা জে আর-৫২৪, বিজেআরআই তোষা-৮, ভারতীয় কৃষি কল্যাণ, মহারাষ্ট্র ও চাকা জাতের পাট চাষ করেছেন।
উপজেলা কৃষিবিদ ইমরান হোসেন বলেন, “চাষিদের উৎসাহ দিতে প্রণোদনা ও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে। এবার পাটের দাম ভালো, পানিরও অভাব নেই। পুকুর, খাল-বিল, নদী-নালায় পানি থাকায় জাগ দেওয়ার কাজ নির্বিঘ্নে করা যাবে। আশা করছি, চাষিরা লাভবান হবেন।”











