নির্বাচন নিয়ে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবে সরকার: রিজভী
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘সংকট এখনো কাটেনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এখনো অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, এ কাজগুলো আমাদের করতে হবে।’
বুধবার (১৮ জুন) সকালে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন রিজভী।
বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও আইনশৃঙ্খলা বাহিনীর যারা গায়েবি মামলা দিয়ে নির্যাতন করেছে তাদের কেন এখনো আইনের আওতায় আনা হয়নি- এ প্রশ্ন রাখেন রিজভী। তিনি বলেন, ‘কারও যদি মনে হয় সরকার নিরপেক্ষতা হারিয়েছে, সেটি আলাপ-আলোচনা করে সমাধান করতে হবে।’
রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের জন্য বিএনপিতে ভাঙন ধরানো যায়নি। বিএনপিকে ভাঙতে হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে।’
ডেঙ্গু ও করোনা মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স করার জন্য সরকারকে অনুরোধ জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ নরসিংদী জেলা বিএনপির নেতারা।











