সীমান্ত দিয়ে চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা
জয়পুরহাট প্রতিনিধি : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘সীমান্ত দিয়ে চামড়া পাচার হওয়ার কোন সম্ভাবনা নেই। বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমি নিজেও বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছি। আমি দেখেছি, বিজিবি খুব সতর্ক অবস্থায় রয়েছে।’
মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাটের আরাফাতনগর এলাকার কোরবানির পশুর কাঁচা চামড়ার সংরক্ষণাগার ও মোকাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিগত ১০/১৫ বছরের চেয়ে এবার সবচেয়ে বেশি দামে পশুর চামড়া বিক্রি হচ্ছে। যেগুলোর মান খারাপ সেগুলো কম দামে বিক্রি হচ্ছে। চামড়ার মূল্য বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা ও পদক্ষেপ নিয়েছে। সারাদেশে সাড়ে ৭ লাখ মণ লবণ বিতরণ করা হয়েছে। মসজিদের খুতবায় এটাকে ব্যাখ্যা করেছি। পোস্টার ও লিফলেট বিলি করেছি। পাশাপাশি ৮৬ হাজার কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রপ্তানিকে উদারিকরণ করার জন্য চামড়া রপ্তানির জন্য তিন মাস ওপেন করে দেওয়া হয়েছে। এর ফলে একটা চাহিদা সৃষ্টি হবে। সরকার এবার যত উদ্যোগ নিয়েছে তা দেশের ইতিহাসে আগে কখনো নেওয়া হয়নি। সরকারের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত না হয়ে সমস্ত দায় যদি ড. ইউনুসকে দেওয়া হয়, তিনি সব চামড়া কিনে নিবেন, তাহলে এটা জুলুম হয়ে যাচ্ছে। বাস্তবতা স্বীকার করতে হবে। সরকারের উদ্যোগে আপনি কতটুকু অংশগ্রহণ করেছেন এটা বড় বিষয়।’
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল ও জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি আবু বক্কর সিদ্দিক শামিমসহ পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা।











