বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের উন্নয়নের স্বার্থে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে হবে: বিডা চেয়ারম্যান

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : সরকার যেই আসুক দেশের উন্নয়নের স্বার্থে ব্যবসা বাণিজ্যকে সচল রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (ভেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টায় চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লালদিয়ার চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। বে-টার্মিনালে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে চট্টগ্রাম বন্দর।

তিনি বলেন, ‘আমাদের ইতিহাস তৈরির সুযোগ আছে। বাংলাদেশকে ম্যানুফেকচারিং হাব করা সরকারের লক্ষ্য। লালদিয়া গ্রিন পোর্ট হবে। ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। বিষয়টি খুবই সিরিয়াসলি ট্র্যাক করার চেষ্টা করছি। আরও নতুন নতুন বিনিয়োগ বাংলাদেশে আসছে।’

তিনি বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। পোর্ট ক্যাপাসিটি এখন লিমিটেড। ছয়গুণ করার পরও ভিয়েতনামের ধারেকাছেও যাব না। তাই এক্সপার্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া। যাতে কম জায়গায় বেশি অপারেশন করা যায়।’

আশিক চৌধুরী বলেন, চট্টগ্রাম হবে কর্মাশিয়াল হাব। চট্টগ্রাম বন্দরের কর্মযজ্ঞ আরও বাড়বে। বিদেশের বন্দর আরও অনেক আধুনিক। সেভাবেই আমাদের বন্দরে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কম জায়গায় অধিক কনটেইনার রাখার প্রযুক্তি ব্যবহার করতে হবে।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।