শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে চাকরির প্রলোভনে তরুণীকে রাতভর ধর্ষণ

news-image

চট্টগ্রামে চাকরি দেয়ার কথা বলে ডেকে এনে এক তরুণীকে রাতভর আটকে রেখে ধর্ষণ করেছে ২ পাষণ্ড। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ওসমান গণি চৌধুরী প্রকাশ খসরু নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে। আবদুল কদ্দুছ নামে অপর ধর্ষক পলাতক রয়েছে। সে সিএমপিতে কর্মরত এক পুলিশ কর্মকর্তার ভাই বলে জানা গেছে। শুক্রবার গভীর রাতে নগরীর আন্দরকিল্লা এলাকার একটি মার্কেটে এ ঘটনা ঘটলে রোববার বিষয়টি জানাজানি হয়। ধর্ষণের শিকার তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব পরিচিত আবদুল কুদ্দুস চাকরি দেয়ার কথা বলে ওই তরুণীকে নগরীর আন্দরকিল্লায় ডেকে নিয়ে আসে। তরুণীকে প্রথমে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের নিচে খসরুর পানের দোকানে বসানো হয়। রাত ৯টার দিকে তাকে মার্কেটের ভেতরে একটি নির্জন কক্ষে আটকে রেখে খসরু ও আবদুল কুদ্দুস রাতভর ধর্ষণ করে। শনিবার তাদের কাছ থেকে ছাড়া পেয়ে ওই তরুণী রাতে কোতোয়ালি থানায় মামলা করেন। কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন রোববার জানান, ‘তরুণী বলছে, তাকে চাকরি দেয়ার কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু খোঁজ নিয়ে ভিন্ন তথ্য পেয়েছি। সে স্বেচ্ছায় সেখানে গিয়েছিল। কিন্তু পরে ধর্ষণের ঘটনা ঘটেছে।’ সূত্র মতে, অভিযুক্ত কুদ্দুস বন্দর জোনের একটি থানায় কর্মরত এক উপ-পরিদর্শকের ছোট ভাই। ওই উপ-পরিদর্শক এর আগে নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। কুদ্দুস সীতাকুণ্ডে একটি কারখানায় চাকরি করে। পুলিশ কর্মকর্তার ভাই হওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি কিনা প্রশ্ন করলে ওসি জসিম উদ্দিন বলেন, ‘যার যার অপরাধের দায়ভার তার। এখানে ভাইকে টেনে আনা উচিত নয়। পুলিশ অফিসারের ভাই বলে তো তাকে আমরা ছাড় দিচ্ছি না। তাকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে।’