শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছিলাম টার্গেটে আমি কিন্তু খুন হয়েছে নিলয়

news-image

তাদের টার্গেটে আমি ছিলাম। কিন্তু আমি জার্মানিতে চলে আসায় তারা নিলয়কে খুন করেছে। প্রয়াত ঔপন্যাসিক হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদ এ কথা বলেছেন। নিলয়কে নিয়ে ব্লগার অনন্য আজাদ আরও বলেন, আমার খুবই ঘনিষ্ঠ ছিল সে। আমাকে সবসময় সমর্থন করতো। আমাকে যারা বলতো, দেশের বাইরে চলে যাও নয়তো ওরা তোমাকে মেরে ফেলবে; নিলয় ছিল তাদের মধ্যে একজন। আমি এখন নির্বাক। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ব্লগার নিলয় নিলের হত্যার খবর পাওয়ার পর এটাই ছিল অনন্য আজাদের প্রথম প্রতিক্রিয়া। কয়েক মাস আগে ২৫ বছর বয়সী অনন্য আজাদকে সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটে হুমকি দেয়া হয়। ৮৪ জন নাস্তিক ব্লগারের হিটলিস্টে রয়েছে তার নামও। জার্মানি থেকে অনন্য বলছিলেন, নিলয় খুবই প্রতিভাবান ব্লগার ছিল। সে ঝুঁকির মুখে ছিল। আমাকে শঙ্কার কথা সে জানিয়েছিল। তাকে কেউ অনুসরণ করছে এমন কথাও সে আমাকে লিখেছিল। এ কারণে সে পুলিশ স্টেশনেও গিয়েছিল। কিন্তু পুলিশ তাকে সাহায্য করেনি বা সুরক্ষা দেয়নি। এখন সে আর বেঁচে নেই! টাইমস অব ইন্ডিয়ার একই প্রতিবেদনে বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের প্রতিক্রিয়াও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, নিজের অবস্থান জানানোটা নিরাপদ মনে করেননি তসলিমা। তিনি এ শুক্রবারকে মুক্তচিন্তাশীলদের জন্য আরেকটি দুঃখের দিন বলে আখ্যায়িত করেছেন। নিজেকে মৌলবাদীদের পুরোনো টার্গেট উল্লেখ করে তসলিমা বলেন, আমি ঢাকায় থাকলে আমিও হত্যার শিকার হতাম। বাংলাদেশী বেশির ভাগ ব্লগার জার্মানি আর নরওয়েতে চলে গেছে। সন্ন্যাসী রানা এখন নরওয়েতে। মনির জার্মানি চলে গেছে। তসলিমা আরও বলেন, আমেরিকায় আমার নামে তৈরি একটি তহবিলে বিশ্বজুড়ে মানুষ অর্থ সাহায্য দিয়েছে। ওই তহবিলের অর্থ ব্যবহার করে এখন বাংলাদেশ থেকে ব্লগারদের অন্য দেশে চলে যেতে সাহায্য করা হচ্ছে। অনন্য আজাদ জার্মানি পাড়ি জমিয়েছেন ২৯শে জুন। অনন্য প্রশ্ন রাখেন, বাংলাদেশ সরকার ব্লগারদের জন্য কেন কোন পদক্ষেপ নেয়নি? আমাদের প্রধানমন্ত্রী কেন মৌলবাদীদের সমর্থন দিচ্ছেন? অনন্য আক্ষেপ জানিয়ে বলেন, ‘এমনকি ভারতও আমাকে জুন মাসে ভিসা দেয়নি। জার্মানিতে আমি আমার লেখা চালিয়ে যাচ্ছি। এখন এটা প্রমাণ হয়েছে যে বাংলাদেশ আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নেই। এটা ইসলামী মৌলবাদীদের রাষ্ট্র এবং এটা এমনটাই থাকবে।’ অন্যান্যের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে বাস করার জন্য এখন কিছু পূর্ব শর্ত রয়েছে। তিনি বলেন, ‘আপনি যদি বাংলাদেশে থাকতে চান তাহলে আপনার মুখ বন্ধ করুন। কলম ভেঙে ফেলুন আর আপনার মস্তিষ্ক ছুড়ে ফেলুন আঁস্তাকুড়ে। অন্ধ বিশ্বাস আর বোবা হয়ে থাকাটা হলো ঝুঁকি ছাড়া বাংলাদেশে থাকার উপায়। বাংলাদেশে কোন মত প্রকাশের স্বাধীনতা নেই।’ হিটলিস্টের ১ নম্বরে থাকা আরিফুর রেহমানও নিলয়ের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন। লন্ডন থেকে তিনি বলেন, ১৮ই জুলাই সর্বশেষ নিলয়ের সঙ্গে কথা হয়। সে বলেছিল যে, সে উদ্বিগ্ন। এটা বিস্মিত হওয়ার মতো ঘটনা- কিভাবে ৬জন মানুষ তার বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করেছে। তবে আরিফুর চালিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমাদের টার্গেট করা হচ্ছে কেননা ইসলামপন্থি আর সরকার উভয়ই আমাদের ভয় পান।’ লন্ডনের আরেক ব্লগার সুশান্ত দাস গুপ্ত নিলয় হত্যাকাণ্ডের খবরে শঙ্কিত হয়ে ঢাকা সফর বাতিল করেছেন।