শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষাশহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

news-image

ভাষাশহিদদের স্মরণে জাতীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহিদদের স্মরণে জাতীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ১২টা ২ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহিদ মিনারে ফুল দেন। ফুল দেওয়া শেষে ১২টা ৩ মিনিটে তিনি শহিদ মিনার ত্যাগ করেন।

এর পর ১২টা ১২ মিনিটে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

ঘড়ির কাঁটা রাত ১২টায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস শহিদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। এর আগে রাত ১১টা ৫৯ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহিদ মিনারে প্রবেশ করেন।

এ সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধান উপদেষ্টা ভাষাশহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।