শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি পরিচয়ে প্রতারণাকারী আটক

news-image

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি পরিচয়ে প্রতারণাকারী আটক লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সেক্রেটারি ও পিএস-১ পরিচয়ে প্রতারণার অভিযোগে আবদুল মতিন (৩২)নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে জেলার রামগতি উপজেলার চর আফজাল এলাকার নুর নবী ডাক্তারের বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে একই উপজেলার টুমচর গ্রামের মৃত আবদুর রবের ছেলে। 
র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. আলেপ উদ্দিন জানান, মতিন দীর্ঘদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সেক্রেটারি এম কে শামীম চৌধুরী ও পিএস-১ সাজ্জাদুল ইসলামের পরিচয় ব্যবহার করে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিল। সে প্রধানমন্ত্রীর ভুয়া রেফারেন্স ব্যবহার করে মোবাইল ও মেইলে গরীব অসুস্থ কাল্পনিক ছাত্রের নামে ভুয়া ডাক্তারি কাগজপত্র পাঠিয়ে মানুষকে প্রভাবিত করে কয়েকটি ব্যাংক এবং বিকাশ একাউন্টের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এক্ষেত্রে বিশ্বাস স্থাপনের জন্য প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও এমপিদের সঙ্গে তার নিজের ছবি ফটোশপে এডিট করে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সাধারণ মানুষদের সরবরাহ করে। সম্প্রতি একই কায়দায় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার গৌরগবিন্দের কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেয়। 
র‌্যাব-১১ দীর্ঘ দিন থেকে তার গতিবিধি ও কার্যক্রম গোয়েন্দা নজরদারীতে রাখার পর বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগতি থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় রামগতি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।