হিলি সীমান্তে ৮ বাংলাদেশী আটক
অবৈধভাবে দেশে ফেরার পথে জেলার হিলি সীমান্তের জিলাপিপট্টি ও চুড়িপট্টি থেকে ২ নারীসহ ৮ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের বিভিন্ন এলাকায় সোমবার থেকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে বিজিবি তাদের আটক করে।আটকরা হলেন- চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার চিবিরহাট গ্রামের জল দাসের ছেলে সুমন দাস (৪০), সীতাকুণ্ড থানার শীতলপুর গ্রামের দুলাল দাসের স্ত্রী সুবর্ণ লতা (৫০), একই গ্রামের সুশীল দেবনাথের স্ত্রী মালতী দেবনাথ (৬০), টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নগরবাগ গ্রামের বলরাম মণ্ডলের ছেলে কৃষ্ণচন্দ্র মণ্ডল (২৭), একই এলাকার সুখরঞ্জনের স্ত্রী বিশাখা রানী (৩০), মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কামারকান্দা গ্রামের যোগেশ চন্দ্র বিশ্বাসের ছেলে অনন্ত কুমার বিশ্বাস (৪০), নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী গ্রামের স্বপন চন্দ্র বর্মণের স্ত্রী পপি রানী মহন্ত (২৫) ও হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মাসুদ রানার ছেলে গোলাম রব্বানী (১৮)। আটকরা জানান, কয়েক দিন আগে তারা দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। দেশে ফেরার পথে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। বিজিবি হিলি চেকপোস্ট কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার ফজলুল হক জানান, আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে।











